যোগ্যতা নেই, তবু নিয়োগ, পরে পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেকনিশিয়ান পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে একজন অধ্যাপকের বিরুদ্ধে৷ বিষয়টি জানাজানি হওয়ার পর নিয়োগ পাওয়া ওই ব্যক্তি পদত্যাগ করেছেন৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে৷
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপি) বিভাগের টেকনিশিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, ‘প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমতুল্য জিপিএসহ স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ক্ষেত্রে এইচএসসি (ভোকেশনাল) পাস অথবা এসএসসি (বিজ্ঞান) পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর মেয়াদী ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে৷ বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে৷’
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, আইপি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান নিয়মবহির্ভূতভাবে সুজন কুমার সরকার নামের একজনকে ওই পদে নিয়োগ চূড়ান্ত করেন৷ গত ১৭ জানুয়ারি সিন্ডিকেটে নিয়োগের অনুমোদন হয়৷
সুজন কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছেন৷ তাঁর জিপিএ যথাক্রমে ২ দশমিক ৮৮ ও ১ দশমিক ৬০ (তৃতীয় বিভাগ)৷ অথচ অনেক আবেদনকারীর একটিতে প্রথম বিভাগ ও অপরটিতে দ্বিতীয় বিভাগ ছিল৷
কামরুজ্জামান বিভাগীয় প্রধানের সঙ্গে সঙ্গে একটি আবাসিক হলের প্রাধ্যক্ষ৷ এর বাইরে আরও ১১টি কমিটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করেন তিনি৷ ২০১০ সালে তাঁর বিরুদ্ধে গািড়র রক্ষণাবেক্ষণের দুর্নীতির অভিযোগ ওঠে। ওই বছরের ১৮ মে গঠিত একটি তদন্ত কমিটি অভিযোগের সত্যতাও পায়৷ কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি৷
তবে যোগাযোগ করা হলে মোহাম্মদ কামরুজ্জামান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন৷ প্রথম আলোকে তিনি বলেন, অনেক রকম অভিযোগ আসতে পারে, তবে তা সঠিক নয়। সুজন কুমারের নিয়োগের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, এটা ভুলবশত হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় কারও চোখে পড়েনি।
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দীন প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে৷ অনিয়ম হয়ে থাকলে কোেনা ছাড় দেওয়া হবে না৷