যৌক্তিক সময় পাবেন মীর কাসেম : আইজি প্রিজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, জামায়াত নেতা মীর কাসেম আলী প্রাণভিক্ষার আবেদনের ব্যাপারে কোনো মতামত দেননি। আবেদন করবেন কি না, সে ব্যাপারে চিন্তা করার জন্য সময় চেয়েছেন তিনি। অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁকে যৌক্তিক সময় দেওয়া হচ্ছে।

আজ বুধবার বিকেলে কারা অধিদপ্তরের এক সংবাদ ব্রিফিংয়ে আইজি প্রিজন এসব কথা বলেন।

এই যৌক্তিক সময় কত দিন—এ বিষয়ে জানতে চাওয়া হলে সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘একটা যৌক্তিক সময়ই আমরা দিয়েছি। আজ সকাল সাড়ে সাতটায় মীর কাসেম আলীকে মানবতাবিরোধী অপরাধের রায় পড়ে শোনানো হয়েছে।’ প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে ফাঁসি কোথায় হবে, সময় বিবেচনা ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

কারা মহাপরিদর্শক বলেন, ফাঁসি যেখানেই কার্যকর হোক না কেন, সেই প্রস্তুতি তাদের আছে। এ সময় তিনি বলেন, তাঁর পরিবারের সদস্যরা নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে আজ কাশিমপুর কারাগারে দেখা করতে চেয়েছিলেন। সেই অনুযায়ী তাঁরা দেখা করেছেন। রিভিউয়ের পর তাঁর আইনজীবীদের আর দেখা করার সুযোগ নেই।

মীর কাসেমের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে আইজি প্রিজন বলেন, তিনি সুস্থ আছেন। জেল কোড অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ফাঁসি কার্যকরের সময় ধারাবাহিক বিবরণ সরাসরি গণমাধ্যমে প্রচার করা উচিত নয় বলে মন্তব্য করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। এতে বাচ্চাদের ওপর মানসিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে।