যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার দেওয়া সোনার বালা ও কানের দুল পরা হলো না শাপলা বেগমের (২৫)। যৌতুকের জন্য স্বামী ও শাশুড়ির নির্যাতনে তিনি প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শাপলা বেগমের বাবা আবদুস ছালাম বাদী হয়ে শাপলার স্বামী আশরাফুল ইসলাম, শাশুড়ি গোলাপী বেওয়া ও প্রতিবেশী এমদাদুল হককে আসামি করে গতকাল শনিবার ঘোড়াঘাট থানায় হত্যা মামলা করেন।
আবদুস ছালাম বলেন, ‘ছোলটার সুখের জনতে কদিন আগেই সোনার হাতের বালা আর কানের দুল কিনে দিনু। ছোলটা না পরতেই ওকে মারে ফেলল।’ এ কথা বলতে বলতে তিনি মূর্ছা যান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ‘শাপলাকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার প্রাথমিক সত্যতা মিলেছে। নির্যাতনে শাপলার বাঁ চোখ নষ্ট হয়ে গেছে, নাক ও মাথার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শাপলা বেগমের ভাই নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের আবদুল করিম জানান, সাড়ে তিন বছর আগে ঘোড়াঘাটের ওসমানপুর বাজারের হোটেল ব্যবসায়ী আশরাফুল ইসলামে সঙ্গে শাপলার বিয়ে হয়। বিয়ের সময় আশরাফুল ইসলামকে যৌতুক হিসেবে ডিসকভার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা দেওয়া হয়।
বিয়ের কিছুদিন পর থেকে আশরাফুল আরও এক লাখ টাকা এবং শাপলার হাতের সোনার বালা ও কানের দুল দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। কৃষক বাবার পক্ষে তা দেওয়া সম্ভব হয়ে উঠছিল না। তার পরও মেয়ের সুখের কথা ভেবে গত বছর আশরাফুলকে ৫০ হাজার টাকা দেওয়া হয়।
এর পরও আশরাফুল ও তাঁর মা গোলাপী বেওয়া আরও এক লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। সর্বশেষ গত সোমবার কৃষক বাবা শাপলাকে দুই ভরি ওজনের সোনার বালা ও দুল দেন। কিন্তু এক লাখ টাকা না দেওয়ায় আশরাফুল ও গোলাপী বেওয়া গত বৃহস্পতিবার ও শুক্রবার শাপলাকে নির্যাতন করেন বলে শাপলা মুঠোফোনে তাঁর পরিবারকে জানান।
আশরাফুল ইসলামের প্রতিবেশী মজিবুর রহমান ও নাম প্রকাশে অনিচ্ছুক আরও তিনজন জানান, দুই দিন ধরে শাপলাকে দফায় দফায় নির্যাতন করেন আশরাফুল ও গোলাপী বেওয়া।
শুক্রবার বিকেলে আশরাফুল ও গোলাপী বেওয়া বাড়ির ফটক (গেট) বন্ধ করে লাঠিসোঁটা দিয়ে শাপলাকে ব্যাপক নির্যাতন করেন। এ সময় শাপলার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও আশরাফুল বাড়িতে ঢুকতে দেননি। একপর্যায়ে প্রতিবেশীরা ফটক ভেঙে ঢুকে শাপলাকে ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখেন। আশরাফুল ও তাঁর মাসহ প্রতিবেশীরা বিকেল সাড়ে পাঁচটার দিকে শাপলাকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাপলাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নুর নেওয়াজ বলেন, ‘শাপলাকে হাসপাতালে ভর্তির আগেই তাঁর মৃত্যু হয়েছে। আত্মহত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তবে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
এ ব্যাপারে আবদুল করিম আরও জানান, আশরাফুলের প্রতিবেশীদের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে তাঁরা ওসমানপুর গিয়ে শাপলাকে মৃত অবস্থায় দেখতে পান। শাপলার এক বছরের একটি ছেলেসন্তান রয়েছে।