যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে আগুন, গ্রেপ্তার ২
নওগাঁ সদর উপজেলায় যৌতুক না পেয়ে বিপ্লব হোসেন নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর শরীরে কেরোিসন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ গত সোমবার রাতে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে৷
গুরুতর দগ্ধ সম্পা আক্তার (২২) নামের ওই গৃহবধূকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ বিপ্লব হোসেন ও তাঁর ভাই গিট্টুকে গ্রেপ্তার করেছে৷ সম্পা একই উপজেলার চকরামপুর গ্রামের রিকশাচালক ইসমাইল হোসেনের মেয়ে৷ গতকাল মঙ্গলবার দুপুরে ইসমাইল হোসেন বাদী হয়ে বিপ্লবসহ সাতজনকে আসামি করে নওগঁা সদর মডেল থানায় মামলা করেছেন৷
সস্পার মা ঝরনা বেগম জানান, তিন বছর আগে সম্পার সঙ্গে চণ্ডীপুর গ্রামের বিপ্লবের বিয়ে হয়৷ তখন যৌতুক হিসেবে বিপ্লবকে ২০ হাজার টাকা দেওয়া হয়৷ বিয়ের পর থেকেই বিপ্লব আরও ৫০ হাজার টাকা বাবার বাড়ি থেকে এনে দেওয়ার জন্য সম্পার ওপর চাপ দিতে থাকেন৷ সেই সঙ্গে সম্পার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে৷ গত সোমবার দিনে একাধিকবার সম্পাকে মারধর করা হয়৷
প্রতিবেশীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সম্পার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ সম্পার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করেন৷ রাত সাড়ে ১১টার দিকে নওগাঁ সদর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়৷ ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহাফুজুর রহমান জানান, সম্পার শরীরের প্রায় ৪০ ভাগ পুড়ে গেছে৷ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷
চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওয়াজেদ আলী জানান, যৌতুকের জন্য ওই দম্পতির কলহ নিয়ে গ্রামে কয়েক দফা সালিস বৈঠক হয়েছে৷ কিন্তু কোনো ফল হয়নি৷ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিক বলেন, পুলিশ সম্পার স্বামী বিপ্লব ও দেবর গিট্টুকে গ্রেপ্তার করেছে৷ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷