যৌতুক মামলায় তিন বছরের কারাদণ্ড
যৌতুকের মামলায় এরশাদ মিয়া নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের একটি আদালত। আজ বুধবার কিশোরগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলাউল আকবর এ আদেশ দেন। একই সঙ্গে এরশাদকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এরশাদের বাড়ি জেলার তাড়াইল উপজেলার রাউতি গ্রামে। তবে বর্তমানে তিনি পলাতক।
মামলার বিবরণে জানা যায়, জেলার তাড়াইল উপজেলার রাউতি গ্রামের মো. এরশাদ মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার হরিপুর গ্রামের মো. আবুল হাসেমের মেয়ে বিউটি আক্তারকে ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর বিয়ে করেন। তাঁদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন পর এরশাদ বিউটি আক্তারকে বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ দুই লাখ টাকা আনতে বলে। এতে বিউটি অপারগতা প্রকাশ করলে যৌতুকের জন্য এরশাদ অমানবিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে গত বছরের ৮ বিউটিকে বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন এ ঘটনায় বিউটি বাদী হয়ে আদালতে মামলা করেন। আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে সাক্ষ্য গ্রহণের পর আদালত আজ এ রায় দেন।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শাহ মো. আশরাফ উদ্দিন।