যৌতুক মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড
স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় পুলিশের এক সদস্যকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতার-উল-আলম গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য তরুণ কুমার মহন্ত বর্তমানে পাবনা জেলা সদরে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১০ সালে দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়নের কাউগাঁ রাজাপুকুর গ্রামের শ্রাবণী রানীর সঙ্গে পার্বতীপুর উপজেলার রাজাপুর গ্রামের তরুণ কুমার মহন্তর বিয়ে হয়। বিয়েতে শ্রাবণীর বাবা তাঁর মেয়েকে স্বর্ণালংকার, আসবাব ছাড়াও তরুণকে নগদ টাকা দেন। কিন্তু বিয়ের পর থেকে তরুণ তাঁর স্ত্রীকে বাবার কাছ থেকে আরও এক লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু শ্রাবণী রাজি না হওয়ায় তাঁকে প্রায়ই মারধর করা হতো। ২০১২ সালের ৩ জুন তরুণ স্ত্রীকে বেদম মারপিট করে তাঁদের মেয়ে তিশাসহ শ্রাবণীকে বাড়ি থেকে বের করে দেন। দুই দিন পর শ্রাবণী দিনাজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আদালত সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল তরুণ মহন্তকে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন।