যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ
যৌতুক না পেয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে সেলিনা আক্তার নামে এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে স্বামীর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে।
সেলিনা আক্তার (২৩) হোসেনপুর উপজেলার উত্তর পুমদি গ্রামের শাহীন মিয়ার স্ত্রী এবং কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন এলাকার বাসিন্দা মো. মতি মিয়ার মেয়ে।
সেলিনার ফুফাতো ভাই মইনউদ্দিন বলেন, ‘রাতে আমাদের মুঠোফোনে সেলিনার স্বামীর বাড়ি থেকে জানানো হয়, পারিবারিক কলহের জেরে সেলিনা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে গিয়ে চিকিৎসকের কাছে জানতে পারলাম, হাসপাতালে আনার আগেই সেলিনা মারা গেছে। বিষপানের কোনো আলামত তার শরীরে পাওয়া যায়নি। মরদেহ নিয়ে তারা বাড়িতে চলে গেছে।’ তিনি আরও বলেন, ‘হাসপাতাল থেকে পরে তাঁরা সেলিনার স্বামীর বাড়ি গেলে ওর শাশুড়ি মঞ্জিলা আক্তার বলেন, পারিবারিক কলহের জেরে সেলিনা বিষপানে আত্মহত্যা করেছে। এ সময় সেলিনার স্বামী শাহীন মিয়া ও শ্বশুর আলতাব উদ্দিনকে বাড়িতে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তাঁরা গা-ঢাকা দিয়েছেন।’
সেলিনার বাবা কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন এলাকার বাসিন্দা মো. মতি মিয়া বলেন, ‘প্রায় তিন বছর আগে হোসেনপুরের উত্তর পুমদি এলাকার আলতাব উদ্দিনের ছেলে শাহীন মিয়ার সঙ্গে সেলিনাকে বিয়ে দেই। বিয়ের পর থেকে শাহীন প্রায়ই সেলিনাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। কিন্তু আমার অসচ্ছলতার কারণে সেলিনা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে। গত সোমবার একই কারণে তারা কলহ করে। এ নিয়ে সেলিনাকে শ্বাসরোধে হত্যা করে তারা বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়।’
পলাতক থাকায় এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও সেলিনার স্বামী শাহীনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
হোসেনপুর থানার ওসি মো. নান্নু মোল্লা বলেন, গতকাল সকালে সেলিনার লাশ তাঁর স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।