যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ নির্যাতনের ঘটনায় স্বামীসহ চারজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে দিনাজপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক স্বামী-শ্বশুর, দেবরসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন। গতকাল সোমবার বিকেলে বিচারক আখতার-উল-আলম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন তৌহিদুল ইসলাম (২৮), মোশাররফ হোসেন (৪৫) ও তানজিমুল হক (২৫)। তিনজনকেই দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। এ ছাড়া শ্বশুর সাইফউদ্দীনকে (৫০) পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ নির্যাতনের শিকার গৃহবধূকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর পার্বতীপুর উপজেলার তাজনগর গ্রামের আজগার আলীর মেয়ে মঞ্জুয়ারা বেগমকে (২০) তাঁর স্বামী তৌহিদুল ইসলাম, শ্বশুর সাইফউদ্দীন, দেবর তানজিমুল ও চাচাশ্বশুর মোশাররফ হোসেন যৌতুকের জন্য অমানবিক নির্যাতন করেন। নির্যাতনের একপর্যায়ে মঞ্জুয়ারার অবস্থার অবনতি হলে তাঁকে ফেলে পালিয়ে যান আসামিরা।
ঘটনায় মঞ্জুয়ারা বাদী হয়ে পার্বতীপুর থানায় ওই চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আসামি চারজনকে দোষী সাব্যস্ত করে রায় দেন আদালত।