গাজীপুরের নলজানি এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। মামলার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গৃহবধূর নিরাপত্তা দাবি করে গতকাল রোববার টঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
পারিবারিক সূত্র ও মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৬ জানুয়ারি নলজানি এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্বাস আলীর ছেলে জাহিদ হাসানের সঙ্গে ভোগড়াবাসন সড়কের মিজানুর রহমানের মেয়ে মৌসুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী জাহিদ ও তাঁর পরিবারের সদস্যরা গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে অপারগতা জানালে স্বামী ও তাঁর পরিবারের লোকজন বিভিন্ন সময় মৌসুমিকে মারধর করেন। সর্বশেষ ২৪ এপ্রিল মৌসুমির স্বামী জাহিদ, জাহিদের পিতা আব্বাস আলী ও মা জহুরা বেগম আবার যৌতুকের টাকা দাবি করেন।
এ সময় ওই গৃহবধূ টাকা দিতে অপারগতা জানালে স্বামী জাহিদ তাঁকে কিলঘুষি ও এলোপাতাড়ি মারধর করেন এবং পরিবারের অপর সদস্যরা তাঁর চুল ধরে টেনে বাড়ি থেকে বের করে দেন। এ সময় তাঁরা যৌতুক দিতে না পারলে মৌসুমিকে ডিভোর্স দেওয়া হবে বলে হুমকি দেন।
পরে গৃহবধূ মৌসুমি আক্তার এ ব্যাপারে বাদী হয়ে জয়দেবপুর থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর গত ১ মে অভিযুক্ত জাহিদ, তাঁর বাবা আব্বাস আলী ও মা জহুরা বেগমকে আটক করে পুলিশ। আটকের পর থেকে ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি ও মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানান মামলার বাদী মৌসুমি আক্তার। মামলা তুলে নেওয়া না হলে বাদীর ভাই রায়হান সরকারকে অপহরণের হুমকিও দেওয়া হয়।
এ ব্যাপারে নির্যাতিত পরিবারের সদস্য ও এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করে টঙ্গীতে গতকাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মহিলা পরিষদ টঙ্গী আঞ্চলিক জোনের উদ্যোগে মানববন্ধনে আনোয়ারা বেগম, নূরজাহান বেগম, সানজিদা খানম বক্তব্য দেন।
বক্তারা গৃহবধূ এবং তাঁর পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।