যৌতুকের মামলায় মাসহ এসি ল্যান্ড কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের মামলায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল আলম সুমন ও তাঁর মা খোদেজা বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ আদেশ দেন। 

এর আগে এই মামলার তদন্তকারী কর্মকর্তা রাজধানীর ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম এসি ল্যান্ড ও তাঁর মাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ২০১৫ সালের ৫ জুন খায়রুলের সঙ্গে যারিন তাসনিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে আসামিরা যারিনের কাছে যৌতুক চেয়ে আসছিলেন। এ ছাড়া যারিনকে তাঁরা বিভিন্নভাবে বিভিন্ন সময় নির্যাতন করতেন। গত ২৪ মার্চ রাতে ওয়ারী এলাকায় খায়রুলের বাসায় স্ত্রীকে গরম খুনতি দিয়ে ছেঁকা দেন তাঁর মা। এ সময় খায়রুল তাঁর স্ত্রীর হাত চেপে ধরেন। পরে যারিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরের দিন ২৫ মার্চ ওয়ারী থানায় মামলা করেন যারিন। ঘটনা তদন্তের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আবেদনে বলা হয়।

এসি ল্যান্ড খায়রুলের আইনজীবী মাসুদ আহমেদ আদালতে বলেন, এ মামলায় রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। রিমান্ড আবেদন বাতিল করে জামিন দেওয়া হোক।

আদালতে খায়রুল জানান, এটা মিথ্যা মামলা। তিনি পরিস্থিতির শিকার।

শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন—উভয় আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।