যৌথ নরডিক দূতাবাসের উদ্বোধন ১৯ জানুয়ারি
জার্মানি ও ফ্রান্সের যৌথ দূতাবাসের পর এবার ঢাকায় নরডিক দূতাবাস চালু করতে যাচ্ছে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন। রাজধানীর গুলশানের একটি ভবনে তিন দেশের যৌথ দূতাবাসের কাজ শুরু হলেও ১৯ জানুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে।
ইউরোপীয় দেশ তিনটির কূটনীতিকেরা গতকাল শনিবার প্রথম আলোকে জানান, নতুন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ডেনমার্কের এক মন্ত্রী ও নরওয়ের এক প্রতিমন্ত্রী ঢাকায় আসবেন।
ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি বাংলাদেশে কাজের অগ্রাধিকারের ক্ষেত্রে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের মিল রয়েছে। একই মিশনের মাধ্যমে তিন দেশের কাজ চালানো সহজ ও ফলপ্রসূ হবে। যৌথ দূতাবাসের মাধ্যমে দেশ তিনটি বাংলাদেশকে সমৃদ্ধ করতে অবদান রাখবে।
এ মুহূর্তে জার্মানির বার্লিনসহ কয়েকটি দেশে যৌথ নরডিক দূতাবাস রয়েছে। ফ্রাংকো-জার্মান দূতাবাসের মতো নরডিক দূতাবাসের জন্য নতুন করে কোনো দূতাবাস ভবন তৈরি করবে না নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন। গুলশানের বেজ এজওয়াটার নামের একটি বহুতল ভবনে দূতাবাসের কাজ চলবে।
গত বছরের জুলাইতে গুলশানের নতুন ভবনে দূতাবাস সরিয়ে নেওয়ার আগে একই চত্বরের দুই ভবনে কাজ চালাত সুইডেন ও ডেনমার্ক। আর আলাদা একটি ভবনে দূতাবাস ছিল নরওয়ের।