যৌথ বাহিনীর অভিযান, যশোরে দুটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা
পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শহীদ আসাদ হল ও সরকারি সিটি কলেজের শহীদ জিয়াউর রহমান হল বন্ধ ঘোষণা করা হয়। ছাত্ররা হল ছাড়তে না চাইলে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে হল থেকে ছাত্রদের বের করে দেয়।
এ সময় কলেজ কর্তৃপক্ষ হলের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা সহায়তা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ সোহেল হাসান প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হল দুটি খালি করার জন্য কলেজ কর্তৃপক্ষকে বলা হয়। কলেজ প্রশাসনের নোটিশের পরও ছাত্ররা হল ছাড়বে না বলে জানায়। যে কারণে যৌথ বাহিনী অভিযান চালিয়ে হল দুটি খালি করে তালা ঝুলিয়ে দিয়েছে।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে গত সোমবার জেলা কোর কমিটির জরুরি বৈঠক হয়। সেখানে পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, বহিরাগত সন্ত্রাসীরা আবাসিক হল দুটিতে অস্ত্রের মজুত করছে বলে গোয়েন্দা রিপোর্ট রয়েছে। এ জন্য হল দুটি বন্ধ করার জন্য তিনি প্রস্তাব দিলে সবাই তা মেনে নেন।
সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ নমিতা রানী বলেন, হলের পক্ষ থেকে আবাসিক ছাত্রদের দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তারা সময়মতো হল ত্যাগ করলেও পাঁচটার দিকে যৌথ বাহিনী অভিযান চালায়। পরে
হলের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়।