যৌন নিপীড়নের শিকার আদিবাসী নেত্রীর পাশে সংসদীয় ককাসের সদস্যরা
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন গোমস্তাপুরে মারধর ও যৌন নিপীড়নের শিকার আদিবাসী নেত্রীকে গতকাল শুক্রবার বিকেলে দেখতে আসেন আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সদস্যরা। এঁদের মধ্যে ছিলেন ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা ও সদস্য কবি কাজী রোজী এবং ককাসের টেকনিক্যাল কমিটির সদস্য জান্নাত-এ ফেরদৌসী। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার বশির আহম্মদ ও সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন।
এদিকে গোমস্তাপুরে আদিবাসী নেত্রীকে মারধরের পর যৌন নিপীড়নের প্রতিবাদে গতকাল প্রেসক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জের প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে আদিবাসী নারীসহ শহরের বিভিন্ন সংগঠনের নেতা, প্রথম আলো বন্ধুসভার সদস্যরা অংশ নেন।