যৌন নিপীড়নে জড়িতদের শাস্তি দাবিতে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যৌন নিপীড়নকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রজমোহন (বিএম) কলেজ শাখার উদ্যোগে সকালে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে সংহতি সমাবেশ করেন শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রজমোহন কলেজ শাখার সভাপতি দীপংকর কুণ্ডুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কলেজশিক্ষক পরিষদ সম্পাদক কাইউম উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক মো. আলাউদ্দিন, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি শারমিন জাহান পপি প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সিলেট: কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘হোক প্রতিবাদ’ ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে ক্যাম্পাসে হাতে লেখা ফেস্টুন প্রদর্শন করে মানববন্ধন করেন তাঁরা। পরে সাধারণ শিক্ষার্থী ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি আবদুল বাসেত ও হোক প্রতিবাদ-এর উদ্যোক্তা পলা সমাজপতি বক্তব্য দেন। বক্তারা বলেন, বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে, তখন প্রতিকার বা ঠেকানোর সুযোগও হয়তো থাকবে না।
এর আগে সকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী: যৌন হয়রানির প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার আগের জায়গায় এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ প্রতিবাদী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে।
এ ছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। নগরের বিভিন্ন সামাজিক সংগঠন এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন এবং একইভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।