যৌন নিপীড়নের অভিযোগে ছয় কর্মীকে ছাত্রলীগের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছয় ছাত্রলীগ কর্মীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পক্ষের নেতা-কর্মীরা।
গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজিলাতুন্নেসা হলের সামনে এক ছাত্রীকে উদ্দেশ করে বাজে মন্তব্য করেন ছাত্রলীগ কর্মী ও বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র ফিরোজ মাহমুদ, এ এস এম শফি কামাল, জামিনুর রহমান, রাকিবুল হাসান, নিয়াজ মোর্শেদ ও আসাদুজ্জামান পলাশ। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগ নেতা রাজিব তাঁদের মারধর করেন। পরে সালাম বরকত হলের ছাত্রলীগের নেতা-কর্মীরাও তাঁদের মারধর করেন।
এ এস এম শফি কামাল বলেন, ‘আমরা কোনো বাজে মন্তব্য করিনি। তাকে (রাজিব) সালাম না দেওয়ায় তিনি আমাদের মারধর করছেন।’
রাজিব বলেন, ‘ছাত্রী হলের পাশ দিয়ে যাওয়ার সময় ওরা বাজে মন্তব্য করছিল। আমার সঙ্গে থাকা ছাত্রীকে লক্ষ করেও ওরা একই কাজ করে। তাই ওদের শাসন করে প্রক্টরিয়াল বডির হাতে সোপর্দ করেছি।’
এ বিষয়ে প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’