জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক ছাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই ছাত্রী।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত কয়েকবার তাঁকে যৌন নিপীড়ন করেছেন ৪৩ ব্যাচের এক ছাত্র। গত বছর ১৫ জুলাই নাটকের মহড়ার কথা বলে ওই ছাত্র তাঁকে জহির রায়হান মিলনায়তনে বিভাগের ল্যাবে নিয়ে যান। সেখানে ল্যাবের দরজা বন্ধ করে তাঁর ওপর যৌন নিপীড়ন চালান এবং ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেন। এরপরও মানসিকভাবে নিপীড়ন অব্যাহত থাকে। এসব কারণে তিনি দীর্ঘদিন বিভাগে আসা বন্ধ রাখেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৪ নভেম্বর ওই ছাত্র তাঁকে ফোন করে হল থেকে বাইরে বের হতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে হুমকি দেওয়া হয়। হুমকির মুখে তিনি বের হন। এ সময় তাঁদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে ওই ছাত্র তাঁকে জোর করে রাস্তার পাশে টেনে নিয়ে যান। সেখানেও তাঁকে নিপীড়ন করা হয়। গত রোববার ছাত্র-শিক্ষক কেন্দ্রে নাটকের মহড়ার সময় ওই ছাত্র বিভাগের কনিষ্ঠ এক ছাত্রকে তাঁর কাছে পাঠান প্রেমের প্রস্তাব নিয়ে। এ ঘটনাটিও তাঁর বন্ধুদের জানাতে নিষেধ করেন। এসব বিষয় নিয়ে গত বুধবার বিভাগের শিক্ষার্থীরা আলোচনায় বসলে তখনো ওই ছাত্র তাঁকে উদ্দেশ করে বাজে অঙ্গভঙ্গি করেন।
জানতে চাইলে ওই ছাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সে (অভিযোগকারী) আমাকে পছন্দ করে। কিন্তু সম্প্রতি আমার অন্য একজনের সঙ্গে প্রেম হওয়ায় ঈর্ষার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করেছে।’
এ ব্যাপারে জানার জন্য চেষ্টা করেও উপাচার্যের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বিভাগের সভাপতি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত। এ নিয়ে আজ (বৃহস্পতিবার) বিকেলে বিভাগে জরুরি সভাও হয়েছে। করণীয় নির্ধারণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আগামী রোববার বিস্তারিত জানাতে পারব।’