যৌন নির্যাতন প্রতিরোধে নির্দেশনা মানা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় আলোচকেরা বলেছেন, যৌন নির্যাতনের প্রতিকার ও প্রতিরোধে ২০০৯ সালে হাইকোর্ট গাইডলাইন বা নির্দেশনা দেন। আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী এ নির্দেশনাই আইন হিসেবে কাজ করবে। তবে তা মানা হচ্ছে না। নজরদারিরও ব্যবস্থা নেই।
জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার দুপুরে এই মতবিনিময় সভা হয়। দাতা সংস্থা ইউএসএআইডির সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাস্তবায়িত মানবাধিকার রক্ষাবিষয়ক কর্মসূচির আওতায় এ সভা হয়।
সভার প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও হাইকোর্টের নির্দেশনা বা যৌন নির্যাতনের বিষয়ে সচেতন নন। গ্রামীণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবস্থা আরও খারাপ। তাই গ্রামীণ এলাকায় নজর দিতে হবে। তিনি বলেন, যৌন নির্যাতনের বিষয়ে একধরনের ‘ট্যাবু’ কাজ করে। কেউ এ বিষয় নিয়ে কথা বলতে চায় না। এ নির্যাতন প্রতিরোধে সবার মনমানসিকতার পরিবর্তন করতে হবে।
আইন কমিশনের সদস্য শাহ আলম বলেন, যৌন নির্যাতন প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করার জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে।
সভার সঞ্চালক বিএনডব্লিউএলের নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, আইন কমিশন এবং বিএনডব্লিউএলএ ২০১০ সালে যৌন হয়রানি প্রতিরোধে একটি আইনের খসড়া করে আইন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে জমা দিলেও তা আলোর মুখ দেখেনি। কেননা, মহিলা মন্ত্রণালয় সার্কুলার দিয়ে বলেছে, দেশে অনেক আইন আছে, নতুন আইনের প্রয়োজন নেই। বিএনডব্লিউএলএ আবার আইনের খসড়া নিয়ে কাজ শুরু করেছে।
সভায় হাইকোর্টের নির্দেশনা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে মূল প্রবন্ধ পড়েন প্রোটেকটিং হিউম্যান রাইটস কর্মসূচির প্রকল্প সমন্বয়ক রেহানা সুলতানা। তিনি জানান, বিএনডব্লিউএলএ ২০০৮ সালে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি একটি শাস্তিযোগ্য অপরাধ। নির্দেশনা অনুযায়ী, সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে কমপক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট অভিযোগ কমিটি গঠনের কথা। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানে এ কমিটি করা হয়নি। যেসব প্রতিষ্ঠানে হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে তা কার্যকর নয়। এ ছাড়া জনস্বার্থ মামলার প্রতিপক্ষদের রায় প্রয়োগের কার্যকারিতা-সম্পর্কিত প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়ার আদেশ থাকলেও তা মানা হচ্ছে না।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, যৌন নির্যাতন প্রতিরোধে সবার আগে শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রের প্রধানদের সচেতন করতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটির আহ্বায়ক অধ্যাপক রাশেদা আখতার বলেন, অনেকেরই ধারণা এ ধরনের অভিযোগ কমিটিতে মেয়েরা অভিযোগ করলে শুধু ছেলেদেরই শাস্তি দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কমিটির কাছে মিথ্যা অভিযোগ করায় তাঁকেই বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা বলেন, গণমাধ্যমের নারী সাংবাদিকদের অনেকে প্রতিষ্ঠানের ভেতরে যৌন নির্যাতনের শিকার। বেশির ভাগ গণমাধ্যম অভিযোগ কমিটি গঠন করেনি।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, দাতা গোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।