যৌন নির্যাতন রোধে আইন ও প্রক্রিয়া পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি ও যৌন সহিংসতা রোধে বিদ্যমান আইন ও প্রক্রিয়া পর্যালোচনা করতে অবসরপ্রাপ্ত বিচারক, সরকারি কর্মকর্তা, আইনজীবী ও নারী অধিকার কর্মীদের সমন্বয়ে ১০ জনের একটি বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব হাইকোর্টে জমা দিয়েছে অধিকারবিষয়ক পাঁচটি সংগঠন। ১৪ জুন এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার ওই ১০ জনের নামের তালিকা জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না ও সারা হোসেন।
সারা হোসেন প্রথম আলোকে বলেন, যে ১০ জনকে নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, তাঁরা হলেন: হাইকোর্টের সাবেক বিচারপতি আওলাদ আলী, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক এম এনামুল হক, নারীর প্রতি বৈষম্য বিলোপ-সংক্রান্ত জাতিসংঘ কমিটির (সিডও) সাবেক চেয়ারপারসন সালমা খান, সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না ও ফাওজিয়া করিম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন হক এবং ব্র্যাকের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড সার্ভিসেসের পরিচালক ফস্টিনা পেরেইরা।
রাজধানীতে মাইক্রোবাসে আদিবাসী নারীকে গণধর্ষণের ঘটনায় হাইকোর্টে রিট আবেদন করে আসক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ, নারীপক্ষ ও জাতীয় আদিবাসী পরিষদ। ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৫ মে তিনটি রুল ও দুটি আদেশ দেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম জানান, ওই দিনের আদেশে আদালত বলেছিলেন, যৌন হয়রানি ও যৌন সহিংসতা রোধে বিদ্যমান আইন ও প্রক্রিয়া পর্যালোচনা করার জন্য এক মাসের মধ্যে সরকারকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে।
ওই কমিটি গঠন করার জন্য আবেদনকারী সংগঠনগুলোর কাছে নামের তালিকা চেয়েছিলেন আদালত। ৩১ মের মধ্যে এ তালিকা জমা দেওয়ার কথা ছিল। ওই আদেশ অনুসারে গতকাল এ তালিকা জমা দেয় সংগঠনগুলো।