যৌন নির্যাতনের দায়ে যুবকের কারাদণ্ড
কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে ভ্রাম্যমাণ আদালত জাবেদ আলী (৩২) নামের যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। গত বুধবার ধুনট উপজেলা ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ রায় দেন।
ইউএনও হাফিজুর রহমান বলেন, আসামি তাঁর সব অপকর্মের দায় স্বীকার করে সর্বোচ্চ শাস্তি কামনা করেন। তাঁর বক্তব্য বিবেচনা করে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, জাবেদ আলী এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, মারপিট, ধর্ষণ, বিষ প্রয়োগে গরুর মৃত্যু, বাড়িতে অগ্নিসংযোগসহ পৃথক চারটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন। গতকাল বৃহস্পতিবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, উপজেলার ছোট চিকাশি গ্রামের জাবেদ আলী ১৪ বছরের কিশোরী এক মেয়েকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে নানাভাবে উত্ত্যক্ত করতেন। এ কারণে দুই বছর ধরে মেয়েটির লেখাপড়া বন্ধ হয়ে গেছে। একপর্যায়ে গত বুধবার দুপুরে জাবেদ আলী ধারালো অস্ত্র হাতে নিয়ে মেয়েটির বাড়িতে যান। এ সময় পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মেয়েটিকে যৌন নির্যাতন করেন। এ সময় মেয়েটি ও তার পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে জাবেদ আলীকে আটক করে পুলিশে দেন।