যৌন হয়রানি ও চাঁদাবাজির শিকার শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা সবাই বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষক। তাঁদের হাতে আলোকিত হবে শিশু-কিশোরদের শিক্ষাজীবন। আর সেই শিক্ষকদের কাছ থেকে চাঁদাবাজি করছেন প্রশিক্ষকেরা। চাঁদা না দিলে শারীরিক ও মানসিক নির্যাতন এবং যৌন হয়রানি করছেন।
এসব অভিযোগে ভোলা প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষকদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন প্রশিক্ষণরত শিক্ষকেরা। গতকাল সোমবার দুপুর ১২টায় ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন। এরপর ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইনস্টিটিউটের দুই পক্ষের প্রশিক্ষকেরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
স্মারকলিপি ও নাম প্রকাশে অনিচ্ছুক ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষকেরা বলেন, ‘ভোলা প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) আটজন প্রশিক্ষক ১৩টি বিষয়ে ক্লাস নেন। প্রতিটি বিষয়ে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা এবং মানবণ্টন রয়েছে। প্রশিক্ষকেরা বিভিন্ন রকম অনুষ্ঠানের নাম করে, পাঠটীকা তৈরি, শিক্ষা উপকরণ তৈরি, ব্যবহারিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়াসহ নানা রকম ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা নিচ্ছেন। নারী শিক্ষকদের যৌন হয়রানি করছেন, তাঁদের মুঠোফোনে অশ্লীল ছবি ডাউনলোড করতে বাধ্য করছেন। শিক্ষকদের এসব অন্যায় প্রস্তাবে রাজি না হলে সবার সামনে কানে ধরিয়ে রেখে অপমান করেন। বিভিন্ন রকম পত্রিকা, বই, ওষুধ কিনতে বাধ্য করছেন। আবাসিক হলে না থাকলেও খাওয়া-থাকাসহ সব খরচ কেটে নিচ্ছেন। এ ছাড়া বৃত্তির দেড় হাজার টাকা থেকে ১২০ টাকা কেটে নিচ্ছেন। এ ধরনের নির্যাতন বন্ধে আমরা সরকারের সহযোগিতা চাই।’
প্রশিক্ষণার্থীদের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, প্রশিক্ষকেরা দুটি ভাগে বিভক্ত। তাঁরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতন করলেও ফেল করার ভয়ে চুপচাপ ছিলেন প্রশিক্ষণার্থী শিক্ষকেরা। সম্প্রতি শিক্ষকদের কাছ থেকে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ায় তাঁরা মানববন্ধন করে বিষয়টি প্রকাশ করার সাহস পান।
প্রশিক্ষকদের একপক্ষে আছেন ইনস্টিটিউটের হল সুপার ও প্রশিক্ষক (মনোবিজ্ঞান, বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান) প্রশান্ত কুমার সাহা। অন্যপক্ষে আছেন শারীরিক শিক্ষার প্রশিক্ষক শ্যামল কৃষ্ণ ব্যাপারী।
প্রশান্ত কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘শ্যামল কৃষ্ণ ব্যাপারীসহ কয়েকজন শিক্ষক চাঁদাবাজি ও যৌন হয়রানি করে আসছেন। যে তাঁর প্রস্তাব মেনে নেন, তাঁকে পরীক্ষার হলে সর্বোচ্চ সুবিধা দেন। না দিলে তিনি গড়ে ফেল করান।’
শ্যামল কৃষ্ণ ব্যাপারী বলেন, ‘প্রশান্ত কুমার সাহা ইতিপূর্বে পটুয়াখালীতে যৌন হয়রানি করার অপরাধে শাস্তি পেয়েছেন। সেখান থেকে শাস্তিমূলক বদলিতে ভোলায় এসে একই অপরাধ করে যাচ্ছেন। তিনিসহ ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট পিটিআইকে চাঁদাবাজির আখড়া বানিয়েছেন। চলতি ব্যাচের কাছ থেকে কয়েক লাখ টাকা চাঁদাবাজি করেছেন। এই টাকা ভাগাভাগি নিয়ে এ বিরোধ।’
ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট শিরিন শবনম বলেন, ‘এর আগে প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষণার্থী শিক্ষকেরা চাঁদাবাজি, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন কি না, তা আমার জানা নেই। আমার কাছে কোনো অভিযোগ আসেনি। সম্প্রতি কয়েকটি মেয়ে শরীরচর্চা প্রশিক্ষক শ্যামল কৃষ্ণ ব্যাপারীর বিরুদ্ধে যৌন নির্যাতনের লিখিত অভিযোগ দিয়েছেন। তা নিয়ে তদন্ত চলছে। অন্যদিকে এ বছর শিক্ষার্থীরা শিক্ষাসফর করতে এক হাজার টাকা চাঁদা দিয়েছিল। খরচ হয়েছে ৮০০ টাকা করে। বাকি টাকা আমরা ফেরত দেব। এ ছাড়া বৃত্তির টাকা থেকে কর-ভ্যাট-হিসাবরক্ষণ অফিস, মসজিদ ও পিয়নের জন্য ১২০ টাকা কেটে রাখা হচ্ছে, এ টাকায় আমার কোনো ভাগ নেই।’