যৌন হয়রানি নিরসনে প্রয়োজন প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে প্রচলিত আইনগুলোর সবই শাস্তিমূলক। কিন্তু শুধু শাস্তিমূলক আইন দিয়ে এসব অপরাধ প্রতিরোধ কিংবা নিরসন করা সম্ভব নয়। তাই এর পাশাপাশি প্রয়োজন প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা। যার মাধ্যমে পরিবারসহ বিভিন্ন সামাজিক পরিসরে নারী-শিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন, ২০১০-এর খসড়া প্রস্তাবনা’র বিষয়ে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, দেশে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা যে হারে বাড়ছে, তাতে একটি প্রতিরোধমূলক আইন হিসেবে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন, ২০১০-এর খসড়া চূড়ান্ত করে দ্রুত আইন প্রণয়ন ও এর বাস্তবায়ন প্রয়োজন।
সভার বিশেষ অতিথি নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপপুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন যৌন হয়রানি ও নিপীড়ন নিরসনে প্রতিরোধমূলক আইনি ব্যবস্থার বিষয়ে সহমত প্রকাশ করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও মহিলা পরিষদের আইন সংস্কার-বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সদস্য জেয়াদ-আল-মালুম বলেন, প্রস্তাবিত এ খসড়া আইনটির মূল উদ্দেশ্যই হচ্ছে নিপীড়ন প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা।
পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানমের সঞ্চালনায় ও সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. বিলকিছ বেগম, পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের পরিচালক মাকছুদা আখতার প্রমুখ। এ ছাড়া মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, অ্যাকশন এইডসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন।
আয়শা খানম নারী ও কন্যাশিশুর প্রতি যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।