যৌন হয়রানি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
উপাচার্য বলেন, সিন্ডিকেট সভায় কমিটির বিষয়টি উত্থাপন করে সিন্ডিকেট থেকে অনুমোদন নেওয়া হবে। এ বিষয়ে অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘তদন্ত কমিটিতে দায়িত্ব দেওয়ার জন্য আমার সম্মতি নেওয়া হয়েছে। তবে এখনো অফিসিয়ালি চিঠি পাইনি।’
এদিকে এ তদন্ত কমিটির কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের হলের এক ছাত্রী ও ছাত্রলীগের কর্মী যৌন হয়রানির অভিযোগ করেন। তিনি ওই শিক্ষকের শাস্তির দাবিতে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন। এরপর ওই শিক্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাসে টানা চার দিন বিক্ষোভ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। অন্যদিকে, ২২ ডিসেম্বর অভিযুক্ত শিক্ষকের পক্ষে তাঁর হলের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ওই অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাল্টা অভিযোগ দেন।