
শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ-সংক্রান্ত প্রস্তাবিত আইনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেছেন, আইনের খসড়াটি আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।
গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইনটির খসড়া নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি মেহের আফরোজ বলেন, আইনটি পাস হওয়ার আগেই শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের জন্য জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হবে। তিনি বলেন, এখন নারী নির্যাতন বেড়েছে না কমেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে নারীরা যেকোনো ধরনের সমস্যায় পড়লে কথা বলছেন। আগের মতো চুপচাপ বসে থাকছেন না। সরকারও নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। তাই নারীদের জন্য নিরাপদ সমাজ ও নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সরকার আন্তরিক।
২০১০ সালে এই আইনের খসড়া করা হয়। তবে আইনটি এখনো হয়নি। এ বিষয়ে জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, বিষয়টি যেহেতু জটিল, সরকার তাই এ বিষয়ে সার্বিক বিবেচনা করে কাজ করছে। আইনটি যাতে বাস্তবায়নযোগ্য হয়, সে বিষয়ে নজর দিচ্ছে। শিগগিরই আইনটি পাস হবে।
সভায় আন্তর্জাতিক সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা বিভাগের প্রধান অব্রে ম্যাককাচিন বলেন, যৌন হয়রানি প্রতিরোধে বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। সমস্যাটিতে প্রতিনিয়তই নতুন মাত্রা যুক্ত হচ্ছে।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, আদালতের যুগান্তকারী রায়ের ফলে এ আইনটি প্রণীত হচ্ছে।