দেশের সব শিক্ষা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ’ কমিটি গঠনের জন্য উচ্চ আদালত ছয় বছর আগে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু বরগুনার কোনো প্রতিষ্ঠানে এখনো এ কমিটি গঠন করা হয়নি।
জাতীয় মহিলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে মহিলা আইনজীবী সমিতিসহ কয়েকটি সংগঠন যৌথভাবে উচ্চ আদালতে একটি রিট আবেদন করে। ওই বছরের ১৪ মে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ-সংক্রান্ত একটি রায় দেন। রায়ের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশনাও দেন তাঁরা। এতে কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি গঠন ও এর ক্ষমতা সম্পর্কেও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার ভিত্তিতে জাতীয় সংসদে আইন প্রণয়ন করার কথাও বলা হয়। আইন প্রণয়নের আগ পর্যন্ত এ নির্দেশনা সংবিধানের ১১১ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আইন হিসেবে গণ্য হবে।
উচ্চ আদালতের রায়ে বলা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি ও নিপীড়নসংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি অভিযোগ কেন্দ্র থাকবে। এই কেন্দ্র পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি থাকবে। কমিটির প্রধান হবেন একজন নারী। এ ছাড়া কমিটিতে সংখ্যাগরিষ্ঠ নারী সদস্য থাকবেন। কমিটি কোনো অভিযোগ পেলে তদন্ত ও অনুসন্ধান শেষে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করতে পারবে।
বরগুনা সরকারি মহিলা কলেজে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে এ-সংক্রান্ত কোনো কমিটি নেই। কলেজের অধ্যক্ষ আবদুছ সালাম বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। তবে এখন আমরা কমিটি করব।’
বরগুনা সরকারি কলেজ, বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়, জিলা স্কুল, আদর্শ বালিকা বিদ্যালয়, আইডিয়াল কলেজ, আমতলী বকুল নেছা মহিলা কলেজ, আমতলী ডিগ্রি কলেজ, পাথরঘাটা ডিগ্রি কলেজ ও হাজি জালাল উদ্দীন মহিলা কলেজসহ জেলার অন্তত ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এ-সংক্রান্ত কোনো কমিটির অস্তিত্ব পাওয়া যায়নি। বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ বলেন, ‘আমি এখানে যোগ দেওয়ার পর এ ধরনের কোনো কমিটি পাইনি। এখন কমিটি করব।’
বরগুনার জেলা প্রশাসক, ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চার পৌরসভা কার্যালয়ে খোঁজ নিয়ে এ-সংক্রান্ত কোনো কমিটির অস্তিত্ব মেলেনি। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার বলেন, ‘মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে তিন-চার মাস আগে এ-সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি পেয়েছি। তবে এখনো কোনো কার্যক্রম হাতে নিইনি।’
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, ‘এটা যুগান্তকারী রায়। অবশ্যই এ-সংক্রান্ত কমিটি থাকা উচিত। আমরা প্রশাসনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব এ বিষয়ে পদক্ষেপ নেব।’
জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, ‘শুধু উচ্চ আদালতের নির্দেশনা নয়, সংবিধানের ১১১ অনুচ্ছেদেও বিষয়টি আছে। প্রতিটি প্রতিষ্ঠানে এই কমিটি ও এর কার্যক্রম থাকা বাধ্যতামূলক। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও জেলা পর্যায়ে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। কেউ এটা অগ্রাহ্য করলে সেটা বেআইনি।’