যৌন হয়রানির শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার লোকজন গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রীর অভিভাবকেরা বলেন, গোবিন্দপাড়া উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক একই বিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি টের পেয়ে অভিভাবকেরা ওই ছাত্রীকে অন্যত্র বিয়ে দেন। তারপরও ওই শিক্ষক সরাসরি ও মুঠোফোনের মাধ্যমে বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করেন। কিছুদিন আগে ছাত্রীর শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি জানতে পারে। এই নিয়ে উভয় পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় একপর্যায়ে গত ২৯ জানুয়ারি ওই ছাত্রীকে তালাক দেওয়া হয়।
বিষয়টি জানাজানি হলে ছাত্রীর বাবা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। সভাপতি ঘটনার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দিলেও কোনো সুরাহা না হওয়ায় গতকাল শনিবার সকালে মানববন্ধন করা হয়।
বিদ্যালয়ের পাশে রাস্তায় দাঁড়িয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার শতাধিক মানুষ দেড় ঘণ্টা ধরে মানববন্ধন করেন। ওই শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, কলেজশিক্ষক আনোয়ার হোসেন ও দুলাল উদ্দিন।
অভিযুক্ত শিক্ষক বলেন, ১০ ফেব্রুয়ারি উভয় পরিবারের মধ্যে বিষয়টির মীমাংসা হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দুলাল হোসেন বলেন, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রধান শিক্ষক শুধু কারণ দর্শনোর নোটিশ ছাড়া অন্য কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকার লোকজন মানববন্ধন করেছেন।
প্রধান শিক্ষক কে এম গুলবর রহমান বলেন, ছাত্রী ও শিক্ষকের মধ্যে বিষয়টি নিয়ে মীমাংসা হওয়ার কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রীকে মুঠোফোনে উত্ত্যক্ত করার ঘটনাটি তিনি শুনেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান বলেন, তিনি ঘটনাটি জানেন না। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।