যৌনকর্মীদের সংগঠন প্রকল্পের কাজ পাচ্ছে না বলে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাসমান যৌনকর্মীদের সংগঠন দুর্জয় নারী সংঘ অভিযোগ করেছে, সর্বনিম্ন দরদাতা হওয়ার পরও এইচআইভি ও এইডস প্রকল্পে সংগঠনটিকে কাজ দেওয়া হচ্ছে না। গতকাল সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দুর্জয় নারী সংঘ এ অভিযোগ করে।
সম্মেলনে সংঘের প্রেসিডেন্ট রহিমা বেগম বলেন, ২০০৮ সাল থেকে গ্লোবাল ফান্ডের অর্থায়নে সেভ দ্য চিলড্রেনের সহায়তায় দুর্জয় নারী সংঘ এইচআইভি প্রতিরোধে কাজ করছে। বর্তমানে নতুন করে ওই প্রকল্পে কাজ দেওয়ার সময় সংঘকে বাদ দিয়ে জাতীয় পর্যায়ের আরেকটি এনজিওকে কাজ দেওয়ার কথা শোনা যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের একজন কর্মকর্তা যৌনকর্মীদের সংগঠনটির কাজ পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন।
লিখিত বক্তব্য পড়ে শোনান দুর্জয় নারী সংঘের প্রতিনিধি বেবী আফরোজা। তাতে বলা হয়, যৌনকর্মীদের এইচআইভি প্রতিরোধ-সংক্রান্ত তথ্য ও সেবা নিয়ে চলমান প্রকল্পটিতে ৫০২ জন যৌনকর্মী কাজ করেন। ৩১ জানুয়ারি প্রকল্প শেষ হওয়ার পর নতুন প্রকল্পে কাজ না পেলে এই যৌনকর্মীরা আবার তাঁদের পেশায় ফিরে যেতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক যৌনকর্মী বলেন, তাঁদের সহযোগিতা ছাড়া যৌনকর্মীদের সহায়তার উদ্দেশ্যে করা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না। সব দিক বিবেচনা করে দুর্জয় সংঘকেই কাজটি দেওয়া প্রয়োজন।