যৌনকর্মীদেরই কেন দোষারোপ করা হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে, পরিবার-এসবের মতই যৌনবৃত্তিও একটি সামাজিক প্রতিষ্ঠান। তাঁদের কাছ থেকে মানুষ সেবা নেবে, বিনিময়ে টাকাও দেবে কিন্তু কোনো স্বীকৃতি দেবে না, এটা হতে পারে না। কেউ নিজের ইচ্ছায় বা হুট করেই সিদ্ধান্ত নিয়ে যৌনপল্লীতে গিয়েছেন, এমন একটা উদাহরণও কোনো গবেষক পাননি। তবে শুধু যৌনকর্মীদেরই কেন বিভিন্ন সময় দোষারোপ করা হবে?

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র মিলনায়তনে এক সেমিনারে এমন প্রশ্নই ওঠে আসে। গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘ঢাকার ভাসমান যৌনকর্মীদের বিচার, মাধ্যম ও দুর্দশা: প্রান্তের আর্তনাদ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে এই শিরোনামে উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রিয়াজুল হকের পিএইচডি গবেষণা ও তাঁর প্রকাশিত বইয়ের ওপর আলোচনা করা হয়।
রিয়াজুল হক বলেন, মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গবেষণাটি করা হয়েছে। যৌনবৃত্তিকে ধর্মীয় দিক থেকে মানুষ কিভাবে দেখে, সেটাই ওঠে এসেছে তাঁর গবেষণায়।
সেমিনারে নৃবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হেলাল উদ্দিন খান সামসুল আরেফিন বলেন, যৌনকর্মীদের সামাজিকভাবে হেয় করে দেখার পেছনে মূল কারণ হচ্ছে এই উপমহাদেশের জাতিগত ও বর্ণগত প্রথা। উচ্চবর্ণ-নিম্নবর্ণ-এসব ধারণার কারণে এখানে যৌনকর্মীদের ছোট করে দেখা হয়।
লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জারিনা রহমান খান বলেন, ‘বিয়ে, পরিবারের মতই যৌনপেশাও একটি সামাজিক ইনস্টিটিউশন। তাঁদেরকে সামাজিকভাবে অক্ষম বলা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তাঁদের কাছ থেকে সেবা নেব, টাকা দেব ঠিকই কিন্তু স্বীকৃতি দেব না- এমনটা হতে পারে না। এই পেশাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে রাখা উচিত।’ তিনি বলেন, ‘‘কেউ নিজের ইচ্ছায় সেখানে গিয়েছেন এমন একটা উদাহরণও পাওয়া যায়নি। তাঁদের পরিবারের কোনো সদস্যের কারণেই হয়তো তাঁকে সেখানে যেতে হয়েছে। সামাজিকভাবে তাঁকে যখন ‘নষ্ট’ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, তারপরই মূলত তাঁরা এই পেশায় আসেন।’’
বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘পরিবারপ্রথা বহুকাল ধরেই টিকে রয়েছে। অনেক সমাজবিজ্ঞানী গবেষণা করেছেন, এই প্রথা ভেঙে নতুন কিছু করা যায় কি না। কিন্তু সফল হননি। পশ্চিম থেকে যা কিছুই আসে, সেগুলোই আমাদের গ্রহণ করতে হবে, এমনটা ভাবা উচিত নয়। আমাদের দেশীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতিতেও ভালো কিছু থাকতে পারে।’