যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে গত শনিবার সন্ধ্যায় ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক বাড়িওয়ালিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার দরিদ্র পরিবারের ওই কিশোরী কয়েক মাস আগে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ নেয়। সেখানে এক তরুণীর সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। দুই সপ্তাহ আগে বেড়ানোর কথা বলে কিশোরীকে রিকশায় নিয়ে গাজীপুর থেকে বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা দেন ওই তরুণী। পথে কিশোরীর মুখে রুমাল ধরলে সে সংজ্ঞা হারিয়ে ফেলে। এরপর তাকে নবীনগরে তরুণীর বাড়িতে নেওয়া হয়। সেখানে তাকে তিন দিন আটকে রাখা হয়। এরপর কিশোরীর নানির অসুস্থতার কথা বলে তাকে মাইক্রোবাসে তোলা হয়। পরে তাকে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে ওই বাড়িওয়ালির কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন শনিবার বিকেলে বিষয়টি পুলিশকে জানায়।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা গতকাল রোববার ওই বাড়িওয়ালি ও তরুণীকে আসামি করে মামলা করেছেন।