যৌনপল্লির উচ্ছেদ হওয়া কর্মীরা ফিরে আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছেদের প্রায় দুই মাস পর টাঙ্গাইলে ফিরতে শুরু করেছেন যৌনকর্মীরা। বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রায় দুই শ যৌনকর্মী তাঁদের আগের আশ্রয়স্থলে ফিরে আসেন। তাঁদের ফিরে আসার প্রতিবাদে গতকাল দ্বিতীয় দিনের মতো শহরে বিক্ষোভ করেছে কওমি ওলামা পরিষদ।
পবিত্র রমজান মাসের শুরুতে ‘অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র ব্যানারে হেফাজতে ইসলাম এই যৌনপল্লি উচ্ছেদের আন্দোলন শুরু করে। অভিযোগ রয়েছে, তাদের এই আন্দোলনে নেপথ্যে থেকে মুখ্য ভূমিকা রাখেন টাঙ্গাইলের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণকারী খান পরিবার। এই পরিবারের অনুসারী ক্যাডারদের হুমকির মুখে গত ১২ জুলাই প্রায় ৯৫০ জন যৌনকর্মী পল্লি ছেড়ে চলে যান। পরদিন থেকেই যৌনপল্লির স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
সম্প্রতি আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় রাজা ও মোহাম্মদ আলী নামের দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ২৭ আগস্ট তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি খান পরিবারের দুই সন্তানসহ তাঁদের অনুসারী বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন। এর পর থেকেই ওই পরিবারের সমর্থকদের অনেকে এলাকা ছাড়েন। এ সুযোগে যৌনকর্মীরা ফিরতে শুরু করেন।
বুধবার দুপুর ও বিকেলে কান্দাপাড়া যৌনপল্লিতে গিয়ে দেখা যায়, বিধ্বস্ত পল্লিতে বসে অনেক যৌনকর্মী কান্নাকাটি করছেন। তাঁবু টানিয়ে তাঁরা অবস্থান করছেন। তাঁদের কেউ কেউ মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন, ‘উচ্ছেদ মানি না, মানব না’, ‘ঘর নাই বাড়ি নাই, যৌনপল্লি ফেরত চাই’। তাঁরা জানান, তাঁবু টানিয়ে আপাতত অবস্থান করে ধীরে ধীরে ঘর তুলবেন। তবে যৌনকর্মীরা গতকাল সেখানে টিনের চালা তৈরির কাজ শুরু করলে সন্ধ্যায় প্রশাসনের লোকজন গিয়ে তা বন্ধ করে দেয়।
মনোয়ারা বেগম নামের এক যৌনকর্মী বলেন, ‘সমাজে আমাদের জায়গা হয় না। কোথায় যাব, তাই ফিরে এসেছি।’ আরেক যৌনকর্মী আছমা বেগম বলেন, ‘বাইরে থাকতে গিয়ে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছি। তাই মরি-বাঁচি এখানেই থাকব।’
যৌনকর্মীদের সংগঠন নারী মুক্তি সংঘের সভাপতি আকলিমা আক্তার আঁখি বলেছেন, দুই শ যৌনকর্মী এসে অবস্থান নিয়েছেন। তাঁরা খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে অবস্থান করছেন। কয়েকটি সংগঠনের পক্ষ থেকে তাঁদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে তাঁরা কোনো হুমকির মুখে নেই।
এদিকে, যৌনকর্মীদের ফিরে আসার প্রতিবাদে গতকাল কওমি ওলামা পরিষদের ব্যানারে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
আজ শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হওয়ার কথা।