‘পরিবর্তনশীল বিশ্ব: নতুন সম্পর্ক’—এই ভাবনায় আয়োজিত এবারের সম্মেলনে ১৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান অংশ নেবেন। সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যুবরাজ চার্লস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সম্মেলনে অংশ নিতে আজ সোমবার সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি হোটেল হিলটনে অবস্থান করবেন বলে জানা গেছে। ৩০ অক্টোবর ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনাতেও অংশ নেবেন তিনি। এ ছাড়া আজ বিকেলে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েসের বাসভবনে চা-চক্রেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
তবে এই সফরে ব্রিটিশ সরকারের কোনো মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাতের কোনো কর্মসূচির কথা জানা যায়নি।
ইসলামি অর্থনৈতিক ফোরামে অন্য যেসব রাষ্ট্রনেতা অংশ নিচ্ছেন তাঁরা হলেন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক, রুনেইয়ের সুলতান হাসান আল বলকিয়া, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মরক্কোর প্রধানমন্ত্রী আবদেলিল্লাহ বেঙ্কিরানে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তুরস্কের উপপ্রধানমন্ত্রী, আলী বাবাচান, বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফা, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, কসোভোর প্রেসিডেন্ট আতিফেতে জাসাগা, বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্সির সদস্য বাকির ইজেতবেগোভিচ, ইরাকের উপপ্রধানমন্ত্রী নুরি শয়েজ, কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী আসেত ইসেকেশেভ এবং ইসলামি উন্নয়ন ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলী। এ ছাড়া ব্রিটেনের পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে কথা রয়েছে।
লন্ডনের এক্সেল সেন্টারে এই সম্মেলন উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান বেক্সিমকো এবং ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান কুয়ালালামপুরভিত্তিক সংস্থা ডব্লিউআইইএফের করপোরেট সদস্য।
ডব্লিউআইইএফের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো মুসলিম রাষ্ট্রের বাইরে এটিই তাদের প্রথম আয়োজন। উদ্যোক্তারা জানিয়েছে, এই ফোরামে বিনিয়োগকারী, বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, গবেষক এবং নীতিনির্ধারকেরা অংশ নেবেন।