যোগ দিয়েই ছুটিতে ১৩ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার পাঁচথুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা চাকরিতে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত দুই বছর পাঁচ মাসে তিনি বেআইনিভাবে ১৩ মাস ছুটি কাটিয়েছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ধুনটের বোহালগাছা গ্রামের আবদুল বাছেদের মেয়ে সুলতানা বিদৌরা। আবদুল বাছেদ শেরপুর উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী। ২০০৮ সালে উপজেলার পাঁচথুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদৌরা শিক্ষিকা হিসেবে যোগ দেন। এর এক সপ্তাহের মাথায় তিনি একটা ছুটির আবেদন প্রধান শিক্ষকের কাছে দিয়ে চলে যান। এরপর তিনি ক্রমান্বয়ে ছুটি কাটিয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, ওই শিক্ষিকা কেবল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেই আসেন। এসেই আবার ছুটির আবেদন করে চলে যেতেন। কোনো সময় আবেদনও করতেন না। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষকের যোগসাজশে সেই শিক্ষিকা দিনের পর দিন এ রকম অনিয়ম করে গেছেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিষয়টি ধুনট শিক্ষা অফিস জানতে পারলে প্রধান শিক্ষককে এ বিষয়ে প্রতিবেদন পাঠাতে বলে। প্রধান শিক্ষক গোলাম মোস্তফার প্রতিবেদনে দেখা যায়, শিক্ষিকা সুলতানা বিদৌরা ২০০৮ সাল থেকে ২০১০ সালের ২৫ মার্চ পর্যন্ত ৩৯৪ দিন ছুটি নিয়েছেন। একনাগাড়ে সবচেয়ে দীর্ঘ ছুটিটি হচ্ছে ৯৬ দিনের। প্রধান শিক্ষক এই ছুটির হিসাবে সরকারি ছুটি, বিভিন্ন দিবসের ছুটি, গ্রীষ্মকালীন ছুটি সবই দেখিয়েছেন। গত বছরের ২০ ডিসেম্বর থেকে এ শিক্ষিকা অনুপস্থিত। খোঁজ নিয়ে জানা গেছে, এসব ছুটির কোনো আবেদন ধুনট শিক্ষা বিভাগে নেই। ধুনট সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ওই শিক্ষিকার অনিয়মের বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন চাওয়া হয়। কিন্তু প্রতিবেদনে গরমিল পাওয়ায় তাঁর বেতন বন্ধ রাখা হয়। প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ওই শিক্ষিকা মাঝেমধ্যে এসে ক্লাস নিয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কখনো তাঁকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেইনি। ওই শিক্ষিকার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর বাবা আবদুল বাছেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুলতানা বেতন তুলেছে তাতে কার কী। এ রকম অনেকেই লেখাপড়া করে শিক্ষকতা করছে। ধুনট শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ওই শিক্ষিকার বিরুদ্ধে বেতন বন্ধ ও বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা কার্যালয়ে নোট পাঠানো হয়েছে।