২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে তিন কোটি টাকা অনুদান নেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে ১৪টি গণসংগঠন। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এ প্রতিবাদ জানিয়ে বলেছে, তারা এ অনুষ্ঠানে যোগ দেবে না। সংগঠনগুলো অবিলম্বে ইসলামী ব্যাংকের অনুদানের টাকা ফেরত দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে।
বিবৃতিদাতা সংগঠনগুলো হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, প্রগতি লেখক সংঘ, ডক্টরস ফর হেল্থ অ্যান্ড এনভায়রনমেন্ট, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকচারস ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রাইভেট কার ড্রাইভার ইউনিয়ন ও বস্তিবাসী ইউনিয়ন।
বিবৃতিতে বলা হয়, ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ সংগীতানুষ্ঠান আয়োজনের জন্য মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে পরিচালিত ইসলামী ব্যাংকের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান নেওয়ার সংবাদ দেশের প্রধান গণমাধ্যমগুলোতে ছবিসহ ছাপা হওয়ার পর মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইসলামী ব্যাংকের অনুদান ফেরত দেওয়ার বিষয়ে কোনো ঘোষণাও এখনো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। বিজ্ঞপ্তি।