যোগ-বিয়োগে এগিয়ে থাকবে আ. লীগ: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তের যোগ-বিয়োগে আওয়ামী লীগ এগিয়ে থাকবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। আজ সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে তোফায়েল এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘উপজেলা নির্বাচনে যদি আমরা সব ভোট যোগ করি, তাহলে দেখা যাবে শতকরা হিসেবে আওয়ামী লীগ এগিয়ে। একাধিক প্রার্থী থাকায় হয়তো কোনো কোনো জায়গায় আগের দুটি ধাপের নির্বাচনে আমরা পিছিয়ে পড়েছিলাম। কিন্তু তৃতীয় ধাপে অনেক বেশি উপজেলায় জয়ী হয়েছি। আমরা মনে করি, আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকলে শেষ মুহূর্তের যোগ-বিয়োগে উপজেলায় আমাদের চেয়ারম্যানের সংখ্যা বেশি হবে।’

বঙ্গবন্ধুকে স্মরণ করে তোফায়েল বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন বিচক্ষণ ও প্রজ্ঞাবান রাজনীতিক। পৃথিবীর ইতিহাসে তাঁর মতো রাজনীতিক বিরল। তিনি রাজনীতির স্বাধীনতার পর অর্থনীতির স্বাধীনতা চেয়েছিলেন। বাংলাকে গড়তে চেয়েছিলেন সুজলা-সুফলা, শস্য-শ্যামলা সোনার বাংলায়। কিন্তু দুঃখ লাগে, যাঁরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে নাই, সেদিন মাকে-বাবাকে পুত্রহারা করেছে। আজ বিএনপির নেতৃত্বে তারা দেশকে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করছে। আমরা বিশ্বাস করি, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, বঙ্গবন্ধুর জন্মদিনে শপথ নিচ্ছি ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে অগ্রগতির পথে নিয়ে যাব। পৃথিবীর মধ্যে বাংলাদেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তর করব।’
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।