যোগদান করতে না দেওয়ায় নিয়োগপ্রাপ্তদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ে পূর্বাঞ্চলে ‘নিয়োগ-বাণিজ্য’ করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে নিয়োগসংক্রান্ত নথি গতকাল মঙ্গলবার পাঠানো হয়েছে। অন্যদিকে নিয়োগপত্র পাওয়ার পরও কাজে যোগদান করতে না দেওয়ায় প্রায় ৫০ জন তরুণ-তরুণী গতকাল সিআরবি ভবনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। সকাল ১০টা থেকে বেলা পৌনে একটা পর্যন্ত এই কর্মসূচি চলে।রেলওয়ে সূত্রে জানা গেছে, নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখতে দুদক নিয়োগসংক্রান্ত যাবতীয় নথি চেয়েছে। গত সোমবার এ-সংক্রান্ত চিঠি পাওয়ার পর রেলওয়ের কর্মকর্তারা গতকাল নথি ঢাকায় পাঠিয়ে দেন।দুদকের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মেজর ফয়সল পাশা এ প্রসঙ্গে বলেন, ‘দুদকের প্রধান কার্যালয় থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ নথিপত্র ঢাকায় সরবরাহ করছে।’রেলওয়ে পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ কল্যাণ কর্মকর্তা (এসডব্লিউও) মো. গোলাম কিবরিয়া গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, ‘রেলওয়েতে সম্প্রতি নিয়োগসংক্রান্ত সব নথিপত্র দুদক চেয়েছে। আমরা আজই (মঙ্গলবার) তা পাঠিয়ে দিচ্ছি।’প্রসঙ্গত, রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে নিয়োগ দেওয়ার কথা বলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বিদায়ী রেলমন্ত্রীর একান্ত সহকারী, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ও নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট ৯ এপ্রিল রাতে বিপুল অঙ্কের টাকাসহ ধরা পড়েন।অবস্থান ধর্মঘট: গতকাল যাঁরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন, তাঁদের ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ দেওয়া হয়। দুপুরের দিকে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত রেল কর্মচারী নেতারা আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহার করান। নিয়োগপত্র হাতে পাওয়া তরুণ-তরুণীদের যোগদানের ব্যাপারে যেকোনো বাধা দূর করতে কর্মচারী নেতারা ভূমিকা রাখবেন বলে তাঁরা ঘোষণা দেন। অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া মো. রফিকুল ইসলাম বলেন, ‘ধাপে ধাপে পরীক্ষায় অংশ নিয়ে আমি উত্তীর্ণ হই। আমাকে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু পুলিশের প্রতিবেদনের জন্য আমাদের যোগদান করতে দেওয়া হচ্ছিল না। শুনেছি, পুলিশ প্রতিবেদন রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছেছে। এখন তো আর কোনো বাধা নেই। তবু আমাদের যোগদান করতে দেওয়া হচ্ছে না।’রেলওয়ে শ্রমিকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, তিনিসহ অন্য নেতারা নতুন নিয়োগপ্রাপ্তদের বিষয়টি সরকার বিবেচনা করবে বলে আশ্বাস দেওয়ার পর তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। ‘রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তা (সিপিও) মো. গাওস আল মনির এ প্রসঙ্গে বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে সব নিয়োগ স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কাউকে যোগদান করতে দেওয়া হবে না।