যোগদানই যেন শেষ কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন তানজিনা রহমান যোগদানের পর গত ২০ মাসে এক দিনের জন্য চিকিত্সা দিতে যাননি। তাঁর দীর্ঘ এ অনুপস্থিতির কারণে বেগমপুর ইউনিয়নের মানুষ চিকিত্সাসেবা থেকে বঞ্চিত। কিন্তু পদটি শূন্য ঘোষণা না করায় নতুন করে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।স্থানীয় সূত্রে জানা গেছে, অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত চিকিত্সক তানজিনা রহমান ২০১০ সালের ১ জুলাই বেগমপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন হিসেবে যোগ দেন। উপস্বাস্থ্যকেন্দ্রের এমএলএসএস জাহিরুল ইসলাম জানান, যোগদানের দিন কোনো রোগী না দেখেই চুয়াডাঙ্গা ফিরে যান তানজিনা। এরপর গত ২০ মাসে এক দিনের জন্যও তিনি এখানে আসেননি। যোগদানপত্রে তানজিনা রহমানের উল্লেখিত দুটি মুঠোফোন বন্ধ রয়েছে। স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জে গেলে তার ভাই সাব্বির হোসেন জানান, তানজিনা বর্তমানে ওমানে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যোগদানের পর ২০১০ সালের ৪ জুলাই থেকে চার দিনের ছুটি নেন তানজিনা। এরপর তিনি আর আসেননি। ২০১১ সালের এপ্রিল পর্যন্ত নিয়মিত বেতনভাতা তুলতে তাঁকে বেগ পেতে হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা ও প্রধান সহকারীর সহযোগিতায় নারায়ণগঞ্জের নয়ামাটির বাড়িতে বসেই সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করেন এ চিকিত্সক।বিষয়টি নিয়ে গত বছরের ৩০ মে প্রথম আলোয় ‘স্বাস্থ্যকেন্দ্রে না গিয়ে বেতন তুলেছেন ১১ মাস’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। এটি প্রকাশের পর কর্তৃপক্ষের হস্তক্ষেপে তিনি আর বেতন-ভাতা তুলতে পারেননি। টানা ২০ মাস অনুপস্থিত থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে কর্মস্থলে যোগদানের জন্য কয়েক দফা নোটিশ দিলেও তিনি যোগ দেননি।সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদত্ হোসেন সর্বশেষ পরিস্থিতি জানিয়ে গত ২৪ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (শৃঙ্খলা) বরাবর লিখিত প্রতিবেদন পাঠান। এতে বলা হয়েছে, ২০১১ সালের ১৮ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির দরখাস্ত অফিসে জমা রেখে ছুটি পাস না করেই তানজিনা কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে ১৮ জুলাই কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি তা করেননি। চিকিত্সকের পরামর্শ সংযুক্ত করে ১৮ জুলাই থেকে পরবর্তী আরও এক মাসের অর্জিত (মেডিকেল) ছুটির আবেদন ডাকে পাঠান। গত ১৭ আগস্ট পরবর্তী বর্ধিত ছুটির মেয়াদও শেষ হয়েছে। কর্মস্থলে যোগদানের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে গত বছরের ৭ আগস্ট, ১০ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর তিনটি পত্র দিলেও তিনি এখন পর্যন্ত যোগদান করেননি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সরকারি ছুটি বিধি অনুসরণ না করে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন তিনি। তাঁর কর্মস্থলে পদটি শূন্য না হওয়ায় কেউ যোগদান করতে পারছেন না।সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওয়াহিদ আশরাফ বলেন, ‘আমার দায়িত্বকালীন সময়ে তানজিনা রহমান বেগমপুরে যোগাদান করেন। কিন্তু কর্মস্থলে না যাওয়ায় তাঁকে যোগদানের জন্য একাধিকবার পত্র দেওয়া হয়েছিল। এর পরও তিনি যোগদান করেননি।’বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা শাহাদত্ হোসেন প্রথম আলোকে জানান, তানজিনা রহমানের অননুমোদিত ছুটি ভোগ ও কর্তব্যকাজে অবহেলার বিষয়টি অবগত হওয়ায় তাঁর বেতনভাতা স্থগিত করা হয়েছে। পুরো ঘটনা স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ে লিখিতভাবে জানানো হয়েছে।