যোগদানের এক ঘণ্টার মধ্যে পদত্যাগে বাধ্য করা হলো
নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চাকরিতে যোগ দেওয়ার এক ঘণ্টার মধ্য এক তরুণ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগের এক স্থানীয় নেতা সন্ত্রাসীদের দিয়ে মারধর করে তাঁকে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে উপজেলার দরিবামনগাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে আবদুল মতিন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের অধীনে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সহকারী পদে নিয়োগ পান। প্রাণিসম্পদ অধিদপ্তরের দেওয়া নিয়োগপত্র নিয়ে তিনি বৃহস্পতিবার বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যোগ দেন।আবদুল মতিন অভিযোগ করেন, তিনি এক ঘণ্টা পর তাঁর কার্যালয়ের বাইরে এলে গুরুদাসপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর ও তাঁর ছেলে রুহুল আমিনসহ কয়েকজন সন্ত্রাসী তাঁকে আটক করেন। তারপর মারধর করে তাঁর কাছ থেকে পদত্যাগপত্র লিখিয়ে নেন। শেষে গুরুদাসপুর প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দিতে তাঁকে বাধ্য করেন। খবর পেয়ে পুলিশ ওই কার্যালয়ে এসে তাঁকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।আবদুল মতিন আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতা আবদুল গফুরের ছেলে রুহুল আমিন এই পদে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে না পেরে আমার ওপর প্রতিশোধ নিয়েছে। আমি প্রাণনাশের ভয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছি এবং বিষয়টি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানিয়েছি।’এ ব্যাপারে রুহুল আমিন বলেন, ‘আমি আবদুল মতিনকে পদত্যাগ করতে বাধ্য করিনি। সে নিজের থেকে পদত্যাগ করেছে। আমার বাবা এ সময় ছিলেন না।’আওয়ামী লীগের নেতা আবদুল গফুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহাবুদ্দিন বলেন, ‘আবদুল মতিন কাজে যোগ দেওয়ার এক ঘণ্টা পর রুহুল আমিনকে সঙ্গে নিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন। এর বেশি কিছু আমি বলতে পারব না।’গুরুদাসপুর থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, আবদুল মতিন আওয়ামী লীগের নেতা আবদুল গফুরের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।