রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের ১৯ দিন পর ছয় মাসের অসুস্থতাজনিত ছুটির আবেদন করেন এক সহকারী শিক্ষক। কিন্তু আট মাসেও তিনি কর্মস্থলে যোগ দেননি। অভিযোগ রয়েছে, তিনি ঢাকায় একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করছেন।
ওই শিক্ষকের নাম এ বি এম তোফায়েল আহমেদ। বাড়ি উপজেলার মৃধাডাঙ্গা গ্রামে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। তবে তিনি কোনো জবাব দেননি।
বিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তোফায়েল আহমেদের পুলে অপেক্ষমাণ তালিকা থেকে চাকরি হয়। গত ২৯ মার্চ দেবগ্রাম ইউনিয়নের ২৭ নম্বর বেথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি যোগ দেন। ১৬ এপ্রিল তিনি জন্ডিসে আক্রান্ত দেখিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ছয় মাসের ছুটির আবেদন করেন। সেই আবেদন বিদ্যালয়ে রেখে তিনি চলে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, তোফায়েল ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে উৎপাদন কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। তিনি এখনো ওই কোম্পানিতে চাকরি করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন আক্তার বলেন, ‘শিক্ষক তোফায়েল আহমেদ এভাবে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি আমি উপজেলা শিক্ষা কার্যালয়কে অবহিত করেছি।’
গতকাল শনিবার মুঠোফোনে জানতে চাইলে সহকারী শিক্ষক তোফায়েল আহমেদ ওষুধ কোম্পানিতে চাকরি করার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘তিনি জন্ডিসে আক্রান্ত হওয়ার পর বাধ্য হয়ে লম্বা ছুটি নেন। তবে এই মাসের শেষের দিকে তিনি বিদ্যালয়ে গিয়ে বিষয়টি ফয়সালা করবেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক বলেন, বিধিবহির্ভূতভাবে শিক্ষক তোফায়েল আহমেদ দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত। গত মাসের শেষের দিকে তাঁকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়। খুব শিগগির তাঁকে আবার নোটিশ পাঠানো হবে।