প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফরে যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। বাংলাদেশকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে এই সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাচ্ছে।এসময় সড়ক যোগাযোগসহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও আর্থসামাজিক প্রকল্পে অর্থনৈতিক সহযোগিতার নতুন ঘোষণা দিতে পারে চীন। ঢাকা ও বেইজিংয়ের কূটনীতিক সূত্রগুলো গতকাল শনিবার প্রথম আলোকে জানায়, আগামী ১৮ মার্চ বেইজিংয়ে শেখ হাসিনার সঙ্গে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের শীর্ষ বৈঠকে এ ব্যাপারে একাধিক চুক্তি সই হতে পারে। পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী আগামী ১৭ মার্চ চীন যাচ্ছেন। এ সময় তাঁর ২০ ও ২১ মার্চ ইউনান প্রদেশের রাজধানী কুনমিং যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তাঁর এ সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট হু জিনতাওসহ সে দেশের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলবেন।জানা গেছে, দুই দেশের আনুষ্ঠানিক বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠা ও বাণিজ্য বৈষম্য দূর করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাবে বাংলাদেশ। জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা জানান, চীন এ মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান সহযোগী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। সে প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর আসন্ন বেইজিং সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারলে আগামীতে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে।কূটনীতিক সূত্রে জানা গেছে, শীর্ষ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে চীনের সহায়তা চাওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কাজীরটেক সেতু, দ্বিতীয় মেঘনা সেতু, দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু, লেবুখালী সেতু, যমুনা নদীতে রেল সেতু, দোহাজারী থেকে গুনদুম পর্যন্ত রেললাইন স্থাপন, কর্ণফুলী নদীতে সুড়ঙ্গ পথ নির্মাণ। এ ছাড়া অতীতে চীন যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সহায়তার আশ্বাস দিয়েছিল সেগুলোতে আর্থিক সহায়তা চাওয়া হবে। চীন বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের স্থায়ী প্রদর্শনী কেন্দ্র, প্রধান প্রধান জেলা শহর ও উপজেলায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনে সহায়তার আশ্বাস দিয়েছিল। এ ছাড়াও জ্বালানি উত্পাদন, কৃষি খাত এবং যোগাযোগ স্যাটেলাইট স্থাপনে চীনের সহযোগিতা চাওয়া হতে পারে। সফরের সময় কয়টি চুক্তি সই হবে জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনের আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে। ঋণ মওকুফ-সংক্রান্ত চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে। ঋণ ও মঞ্জুরি আকারে বাংলাদেশকে আর্থিক সহায়তা দেবে চীন। আঞ্চলিক সড়ক যোগাযোগ: শীর্ষ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ইয়াংগুন হয়ে চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত সড়ক যোগাযোগ চালুর বিষয়টি তোলা হবে। বিশেষ করে বর্তমান সরকার এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দ্রুত ত্রিদেশীয় সড়ক যোগাযোগটি চালু করতে চায়। এ ক্ষেত্রে এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ার জন্য চীনের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ স্থাপনকে প্রাধান্য দিচ্ছে। সরকার মনে করে, চট্টগ্রাম-কুনমিং ত্রিদেশীয় যোগাযোগ-ব্যবস্থার আওতায় মিয়ানমারের সঙ্গে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা সহজ হবে। কূটনীতিক সূত্রগুলো বাংলাদেশের এ প্রয়াসের সফলতার ব্যাপারে সংশয় প্রকাশ করেছে। তাঁদের মতে, মিয়ানমার যেকোনো বিষয়ের মতো যোগাযোগের বিষয়টি দ্বিপক্ষীয়ভাবে সমাধান করতে চাইবে।বাণিজ্য বৈষম্য কমানো: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দুই দেশের বাণিজ্য বৈষম্য দূর করার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে। প্রায় দুই বছর আগে এশীয় প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (এপিটিএ) আওতায় চীন তার বাজারে বাংলাদেশকে ৮৪টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়। এ বছরের জুলাই থেকে স্বল্পোন্নত দেশগুলোর জন্য চার হাজার ৭২১টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে। তবে চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের জন্য আরও কিছু সুবিধা পাওয়ার বিষয়টি এবারকার শীর্ষ বৈঠকে গুরুত্ব দেওয়া হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৩২০ কোটি ডলার। বাংলাদেশ চীন থেকে বস্ত্র, যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, সার, বীজ ও ভোগ্যপণ্য আমদানি করে। আর রপ্তানি করে পাট ও পাটজাত দ্রব্য, প্রক্রিয়াজাত চামড়া, চিংড়ি এবং হিমায়িত খাদ্য।সফরসঙ্গী: চীন সফরের সময় বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী, ব্যবসায়ী নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। সফরসঙ্গীর তালিকায় আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।