যোগাযোগ ও কর্মসংস্থানে নজর দেবেন সরওয়ার

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশা নির্বাচিত হলে তিনি তাঁর আসনে যোগাযোগব্যবস্থার উন্নতি ও যুবকদের কর্মসংস্থানে বেশি নজর দেবেন বলে অঙ্গীকার করেছেন।
এ ছাড়া প্রাগপুর স্থলবন্দর প্রতিষ্ঠা করে সবাইকে নিয়ে একটা মডেল উপজেলা গড়ে নতুন দৌলতপুরে রূপান্তর করবেন।
প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আসনের নতুন মুখ সরওয়ার এই প্রতিশ্রুতি দেন। এমন প্রতিশ্রুতি তিনি গণসংযোগকালে দিচ্ছেন। এই আসনে তিনি বিএনপি প্রার্থী সাবেক সাংসদ রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গতকাল সোমবার দিনভর উপজেলার মথুরাপুর ও হোগলবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ করেন সরওয়ার জাহান। তিনি বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।
দলীয় সূত্র জানায়, জেলার সবচেয়ে বড় দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৪টিই চরাঞ্চল। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সেখানে বর্তমান ও সাবেক সাংসদের মধ্যে বিরোধ ছিল। এবার এই দুজনের বাইরে নতুন মুখ হিসেবে সরওয়ার দলীয় নৌকা প্রতীক পেয়েছেন।
নেতা-কর্মীরা বলছেন, তৃণমূলে দল করে উঠে আসা সরওয়ার মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা দ্বন্দ্ব ভুলে নৌকাকে জেতাতে এককাট্টা হয়েছে।
পেশায় আইনজীবী সরওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য। বর্তমানে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাঁর বাড়ি প্রত্যন্ত চরাঞ্চল ফিলিপনগর গ্রামে।
সরওয়ার জাহান বলেন, ‘পরিবর্তনের বাতাস বইছে। ভবিষ্যতে দুর্নীতিরোধে ও মাদক নির্মূলে কঠোর সজাগ দৃষ্টি থাকবে। আর আমার ভুল হলে তা ধরিয়ে দেওয়ার জন্য জনগণের কাছে আমি অঙ্গীকারবদ্ধ।’