যোগাযোগ ও নৌমন্ত্রীর পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।গতকাল শুক্রবার রাজধানীর শান্তিনগরে মানববন্ধন থেকে ওই দাবি জানানো হয়। সিপিবি শান্তিনগর শাখা আয়োজিত ওই মানববন্ধনে মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাদেকুর রহমান, কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদ হোসেন খান, যুব ইউনিয়ন নেতা হজরত আলী, শ্রীধিব সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। যুব ইউনিয়নের নেতা জলি তালুকদার এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি, যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ার জন্য দায়ী দুর্নীতিবাজ আমলা ও প্রকৌশলীদের শাস্তিরও দাবি করা হয়। এ ছাড়া বক্তারা গণমুখী পরিবহনব্যবস্থা, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা, দক্ষ চালকব্যবস্থা গড়ে তোলা ও ভুয়া লাইসেন্স বাতিলের দাবি জানান। একই দিনে পার্টির সেগুনবাগিচা শাখা পৃথক মানববন্ধনের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ওই কর্মসূচিতে পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, সিপিবি সেগুনবাগিচা শাখার সম্পাদক সেকান্দার হায়াৎ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, সরকার রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা বন্ধ করায় জনদুর্ভোগ বেড়েছে। আর সড়ক-মহাসড়ক সংস্কার ও দুর্ঘটনা প্রতিরোধে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে মানুষের মৃত্যুঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এর দায় এক মন্ত্রী আরেক মন্ত্রীর কাঁধে চাপিয়ে জনগণের সঙ্গে নির্মম তামাশা করছেন।