যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্যে আঞ্চলিক সমন্বয়ের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে হলে যোগাযোগ, জ্বালানি, অর্থনীতি ও বাণিজ্যে আঞ্চলিক সমন্বয় জরুরি। শক্তিশালী নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য বাড়তি বিনিয়োগ, শক্তিশালী প্রতিষ্ঠান ও নিয়মকানুন সহজ করা জরুরি। বেসরকারি খাতকে যুক্ত করে এ অঞ্চলের দেশগুলোর রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে আঞ্চলিক সমন্বয়ের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার কলকাতায় শেষ হওয়া কানেকটিভিটি সম্পর্কে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে এই সুপারিশ করা হয়েছে। কাটস ইন্টারন্যাশনাল, ইস্ট ওয়েস্ট সেন্টার ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) সহযোগিতায় ‘ইন্দো-এশিয়া কানেকটিভিটি ফর শেয়ারড প্রসপারিটি’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করেছে কলকাতার মার্কিন কনস্যুলেট।
গত দুই দিনে ‘সামুদ্রিক ও অভ্যন্তরীণ নৌপথের সংযুক্তি’, ‘জ্বালানি সহযোগিতা’, ‘ব্যবসা ও বাণিজ্যের সুযোগ বিকাশ’ এবং ‘বঙ্গোপসাগরীয় ব্যবসায়ী ফোরাম’ শীর্ষক চারটি বিষয়ে ১২টি কর্ম অধিবেশনে আঞ্চলিক নেটওয়ার্কের ক্ষেত্রে সম্ভাবনা ও চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বিভিন্ন সুপারিশ করা হয়।
গতকাল বিকেলে সম্মেলনের সমাপনী অধিবেশনের ফাঁকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট প্রথম আলোকে বলেন, বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোর ভবিষ্যৎ অর্থনীতির স্বার্থে যোগাযোগ, বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সমন্বয় অপরিহার্য হয়ে উঠেছে। আঞ্চলিক সমৃদ্ধির স্বার্থে উন্নয়নের পরিকল্পনা বিচ্ছিন্ন হলে তা অসম্পূর্ণ থেকে যাবে। তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে নিয়মকানুন সহজ করার পাশাপাশি আঞ্চলিকভাবে সেগুলোকে অভিন্ন করার পক্ষে মত এসেছে।

>ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। ফলে আঞ্চলিক সমন্বয় যেমন বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে, তেমনি নেপাল, ভুটানের মতো দেশগুলো এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ মার্শা বার্নিকাট ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

মার্শা বার্নিকাট বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। ফলে আঞ্চলিক সমন্বয় যেমন বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে, তেমনি নেপাল, ভুটানের মতো দেশগুলো এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ। যোগাযোগ ও জ্বালানির শক্তিশালী আঞ্চলিক নেটওয়ার্ক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রাকে অন্য স্তরে নিয়ে যাবে।
গতকাল সকালে বাংলাদেশ, ভারত ও নেপালে নিযুক্ত যুক্তরাষ্ট্রের তিন রাষ্ট্রদূত এক প্যানেল আলোচনায় অংশ নেন। আলোচনায় সঞ্চালনা করেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনন্দ। তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে হলে জ্বালানি উৎপাদন বাড়ানো, পণ্য ও সেবার দাম কমানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলোতে সবচেয়ে বেশি জোর দিতে হবে। সব মিলিয়ে এখানকার উন্নয়নের জন্য যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করার কোনো বিকল্প নেই। তাই এ অঞ্চলের উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে এবং মার্কিন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী।
মার্শা বার্নিকাট বলেন, আন্তর্জাতিক আদালতে ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি আঞ্চলিক সমৃদ্ধির জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। তা ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত রেললাইন স্থাপন এবং পদ্মা সেতুতে বহুমাত্রিক যোগাযোগের প্রকল্পে প্রাধান্য দিয়ে স্পষ্ট করেছেন, আঞ্চলিক যোগাযোগের ওপর বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ভারতে মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বার্মা বলেন, গত দুই দশকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য কয়েক গুণ বেড়েছে। তবে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের সর্বোচ্চ সুফল পেতে আঞ্চলিক প্রেক্ষাপট থেকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উদ্যোগ নিতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা সমাধান করা উচিত।
নেপালে মার্কিন রাষ্ট্রদূত অ্যালাইনা টেপলিটজ বলেন, নেপালে জলবিদ্যুতের উৎপাদনের সম্ভাবনাকে আঞ্চলিক উন্নয়নে কাজে লাগাতে হবে। আঞ্চলিক বিদ্যুৎ সঞ্চালনা লাইন স্থাপনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির সুযোগের সদ্ব্যবহার করা উচিত।