যোগাযোগ প্রতিষ্ঠাই বাণিজ্য সচিবদের বৈঠকে অগ্রাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূরের বিষয়গুলোতে অগ্রাধিকারের মধ্য দিয়ে গতকাল ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও নেপালের বাণিজ্যসচিব পর্যায়ের দুই দিনের বৈঠক। দুই দিনের বৈঠকের শেষ দিনে আজ বৃহস্পতিবার ট্রানজিট বাস্তবায়নের প্রক্রিয়া ও এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহনের বিষয়ে দুটি চুক্তি চূড়ান্ত হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে। গতকাল বুধবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে শুরু হওয়া ওই বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের নেতৃত্ব দেন বাণিজ্যসচিব গোলাম হোসেন। নেপালের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের বাণিজ্যসচিব পুরষোত্তম ওঝা। দীর্ঘ তিন বছর পর বাণিজ্যসচিবদের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কাঠমান্ডুতে ২০০৭ সালের অক্টোবরে শেষ বৈঠকটি বসে।বৈঠক সূত্রে জানা গেছে, দুই দিনের আলোচনায় ট্রানজিট বাস্তবায়নের প্রক্রিয়া (অপারেটিং মডালিটিজ ফর দ্য ক্যারিজ অব ট্রানজিট), পণ্য পরিবহন বাণিজ্য (ট্রেড কার্গো বিটুইন নেপাল অ্যান্ড বাংলাদেশ) চুক্তি দুটির বিষয়ে দুই পক্ষ কথা বলেছে। আলোচনায় অন্য বিষয়গুলোর মধ্যে এসেছে নেপালিদের বাংলাদেশে ‘অন অ্যারাইভাল’ ভিসা, ঢাকা-কাঠমান্ডু সরাসরি বাস চলাচল, নেপালি ট্রাকের বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত প্রবেশ, কাকরভিটা-পানিটাংকি-ফুলবাড়ী-বাংলাবান্ধা করিডর চালু, রোহনপুর-সিন্দাবাদ রেলওয়ে যোগাযোগ প্রতিষ্ঠা। দুই দিনের বৈঠকের প্রথম দিনে নেপালকে মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। নেপাল চট্টগ্রাম বন্দর ব্যবহারে বেশি আগ্রহী আর বাংলাদেশ চায়, নেপাল মংলা বন্দর ব্যবহার করুক। নেপালি ট্রানজিট পণ্য পরিবহনের জন্য দেশের দুটি প্রধান সমুদ্রবন্দর প্রস্তুত। বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রানজিট ও ট্রেড কার্গো পরিবহনসংক্রান্ত চুক্তি সম্পাদনের প্রস্তুতি চলছে। ওই চুক্তিতে এসব রুটের বিষয়ে উল্লেখ থাকছে।