যোগাযোগ প্রতিষ্ঠায় চীনের সহযোগিতার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও মিয়ানমার হয়ে চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত রেল ও সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত চীন সফরের সময় বিষয়গুলো উপস্থাপন করা হলে সে দেশের নেতারা যথেষ্ট আশাব্যঞ্জক সাড়া দিয়েছেন। এ ছাড়া ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশকে দেওয়া ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে চীন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল সোমবার তাঁর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সম্মেলনে প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন দিক তুলে ধরা হয়। দীপু মনি বলেন, ‘গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম-কুনমিং রেল ও সড়ক যোগাযোগে আমরা চীনের কেন্দ্রীয় সরকার ও ইউনানের প্রাদেশিক সরকারের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছি। তারা আমাদের এ ব্যাপারে সহযোগিতা দিতে আগ্রহী।’ গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীন এককভাবে আর্থিক সহযোগিতা দেবে কি না—জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন। তাই শুধু চীনই নয়, অন্য দেশের সহযোগিতাও এ ক্ষেত্রে প্রয়োজন হবে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশকে যেসব ঋণ দিয়েছে তা মওকুফ করার ঘোষণা দিয়েছে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর চীন সফরকে অত্যন্ত ফলপ্রসূ আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন বিশ্বের একটি শক্তিশালী দেশ। চীন পৃথিবীর অন্যতম বৃহত্ অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এ প্রেক্ষাপটে ভূ-আঞ্চলিক কৌশলগত বিবেচনায় দুই দেশ সহযোগিতার ক্ষেত্রে একটি সমন্বিত অংশীদারি প্রতিষ্ঠা করতে চায়। এ সফর অত্যন্ত সময়োপযোগী, গুরুত্বপূর্ণ ও তাত্পর্যপূর্ণ। মিয়ানমার প্রসঙ্গে চীনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসন ও সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে আমরা চীনের সহযোগিতা চেয়েছি। চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরি। মিয়ানমার যাতে রোহিঙ্গা দ্রুত তার দেশে ফিরিয়ে নেয়, সে ব্যাপারে চীনের সহযোগিতা চেয়েছি। কারণ, রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে।’জেআরসি নিয়ে হতাশ নই: বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) সদ্য সমাপ্ত বৈঠকটি নিয়ে হতাশার কোনো কারণ নেই; বরং তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ওই আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। ১৮ ও ১৯ মার্চ দিল্লিতে অনুষ্ঠিত জেআরসির বৈঠকে অভিন্ন নদী তিস্তার পানি বণ্টনে চুক্তি সই না হওয়ায় বাংলাদেশ হতাশ কি না, প্রশ্নের জবাবে দীপু মনি এ কথা বলেন।