
নগরের সার্সন সড়কে যোগাযোগ নামে একটি নতুন প্রশিক্ষণকেন্দ্র যাত্রা শুরু করেছে। ২৮ আগস্ট ‘ক্যারিয়ার পরিকল্পনা ও ইন্টারভিউ বিহেভিয়ার’ শিরোনামের এক কর্মশালার আয়োজন করে এই কেন্দ্রটি। শুরুর দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক। তিনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার প্রয়োজন রয়েছে। শিক্ষা ও প্রশিক্ষণহীন মানুষ নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে না। এ জন্য যখনই সুযোগ আসে, নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে সমৃদ্ধ করা উচিত। কর্মশালায় প্রশিক্ষণ দেন হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের কান্ট্রি হেলথ সেফটি ম্যানেজার এবং প্ল্যান্ট এইচ আর বিভাগের প্রধান মোহাম্মদ আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ওমর কায়সার। স্বাগত বক্তব্য দেন আলোকচিত্রী শোয়েব ফারুকী। কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য দেন প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের হেড অব বিজনেস আবু ইউসুফ। এতে কোর্স সমন্বয়ক হিসেবে ছিলেন শাহরিয়ার ফারজানা। কর্মশালায় ২০ শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।