যোগাযোগ বাড়াতে 'মেট্রো বেকারস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর টাউন হলে মেট্রো বেকারসের একটি আউটলেট l প্রথম আলো
রাজধানীর টাউন হলে মেট্রো বেকারসের একটি আউটলেট l প্রথম আলো

সাদা রঙের তাঁবু। ভেতরে ছয় তাকের একটি শেলফে বিস্কুটের প্যাকেট আর বয়াম। একজনের বসার জন্য প্লাস্টিকের একটি চেয়ার আর টেবিল। এক পাশে আরেকটি ছোট টেবিল ও প্লাস্টিকের দুটি টুল ক্রেতাদের বসার জন্য। গরম থেকে বাঁচার জন্য আছে একটি ছোট ওয়াল ফ্যান। এটি হলো মেট্রো বেকারসের একটি আউটলেট। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে এটি পরিচালিত হচ্ছে।

মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো, পুলিশের উপস্থিতি জানান দেওয়া এবং এর মাধ্যমে ছোটখাটো অপরাধীদের মনে সমীহ জাগানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে এ ধরনের একটি আউটলেটে কথা হলো তাঁবুতে দায়িত্বরত নায়েক আবদুল মান্নানের সঙ্গে। আবদুল মান্নান নিজের কাজ করছিলেন। আশপাশের মানুষ যে যার কাজ নিয়ে ব্যস্ত। সেই অর্থে এখান থেকে খুব যে পণ্য বিক্রি হচ্ছে তার কোনো লক্ষণ দেখা গেল না। আবদুল মান্নানও জানালেন, বিক্রি খুব কম, সারা দিনে ১০০ টাকার পণ্যও বিক্রি হয় না।

আবদুল মান্নান জানালেন, এ তাঁবুতে তিনজন পুলিশ সদস্য পালা করে রাত-দিন দায়িত্ব পালন করেন। রাতে তাঁবুর ভেতরেই তাঁরা থাকেন। মেট্রো বেকারসের জিনিসের মান খুব ভালো বলে দাবি করলেন তিনি। এখনো এক মাস পার হয়নি এই উদ্যোগের। 

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার আবির সিদ্দিকীর তত্ত্বাবধানে টাউন হলের আউটলেটটি পরিচালিত হচ্ছে। তিনি প্রথম আলোকে বলেন, মেট্রো বেকারসের পণ্য বিক্রির পেছনে ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই। রমজান মাসে মলম পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। ভেজাল খাবারের রমরমা ব্যবসা হয়। আশপাশে পুলিশের একটি আউটলেট থাকলে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো যায়, তেমনি মানুষ দুর্নীতি বা অপরাধ করতেও খানিকটা ভয় পায়।

রোজায় ঢাকা শহরে এ ধরনের ছয়টি অস্থায়ী আউটলেট পরিচালিত হচ্ছে। আউটলেটগুলো থেকে যে মুনাফা হবে তা পুলিশ সদস্যদের কল্যাণ তহবিলে জমা হবে।