যোগাযোগ মন্ত্রণালয়ের গাড়ির হিসাব চেয়েছে সংসদীয় কমিটি
যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও প্রকল্পের আওতায় ব্যবহূত গাড়ির হিসাব চেয়েছে এ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই হিসাব চাওয়া হয়।
মন্ত্রণালয়ের বিভাগ ও দপ্তরের গাড়ি কারা ব্যবহার করছে, কমিটি তাও জানতে চেয়েছে। মন্ত্রণালয়কে এ-সংক্রান্ত তথ্য কমিটির আগামী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি একাব্বর হোসেন সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
ব্রিফিংয়ে কমিটির সদস্য নাজমুল হক প্রধান বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের গাড়ির ব্যবহার নিয়ে অনিয়মের অভিযোগ আছে। নিয়ম ভেঙে এসব গাড়ি ব্যবহার করা হয়। কমিটি এসব অভিযোগ খতিয়ে দেখতে চায়।
কমিটির সভাপতি একাব্বর হোসেন জানান, কমিটি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আয়-ব্যয়ের হিসাবও জানতে চেয়েছে। তিনি বলেন, বিআরটিসির কতটি গাড়ি আছে, এ প্রতিষ্ঠান লাভজনক কি না, কমিটি তা জানতে চেয়েছে। এ ছাড়া কমিটি সব অবৈধ ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল, রেজওয়ান আহম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মনিরুল ইসলাম ও লুত্ফুন নেছা অংশ নেন।