যোগাযোগমন্ত্রী আসছেন আজ সেতুর দাবিতে গণজমায়েত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীর কালনা ফেরিঘাট পরিদর্শনে আসছেন। সেখানে সেতুর দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ওই দিন গণজমায়েতের ডাক দিয়েছে। গত ২ জানুয়ারি প্রথম আলোয় ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সেই সেতুটি তিন বছরেও হয়নি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।জেলা সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, মন্ত্রী মধুমতী নদীর কালনা ফেরিঘাট ও লোহাগড়া-নড়াইল সড়ক পরিদর্শন করবেন। বেলা ১১টায় নড়াইল হয়ে তিনি লোহাগড়ায় আসবেন ও ১২টায় কালনা ফেরিঘাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান বলেন, সেতুর দাবিতে লোক সমাগম করতে প্রচারণা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, কালনা ফেরিঘাট পয়েন্টে মধুমতী নদীতে সেতু হলে শুধু লোহাগড়া ও নড়াইলই নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।এদিকে মন্ত্রীর আগমনকে সামনে রেখে কয়েক দিন ধরে লোহাগড়া-নড়াইল সড়কের ভাঙাচোরা অংশ মেরামত করতে সওজ বিভাগের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ইট-সুরকি ও পাথরকুচি ফেলে কোনোরকমভাবে গর্ত ভরাট করা হচ্ছে। গতিরোধকে রং দেওয়া হচ্ছে। লাগানো হচ্ছে দিকনির্দেশনা ফলক। এ সড়ক সংস্কারের দাবিতে প্রায়ই বাস ধর্মঘট হয়। তার পরও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসীর আশঙ্কা, এখন তড়িঘড়ি করে এ ধরনের সংস্কারের ফলে মন্ত্রী বাস্তব চিত্র দেখতে পারবেন না। এ ব্যাপারে নড়াইল সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কবিরউদ্দিন বলেন, ‘বড় বড় গর্ত ভরাট করা হচ্ছে। এটা ভরাট করলেও সড়কের যে বেহাল দশা তা মন্ত্রী বুঝতে পারবেন।’ তিনি জানান, এ সড়কের বেহাল দশার কথা জানিয়ে সড়ক ভবনে প্রকল্প দেওয়া আছে।