‘পরতি দিন যদি যুগাযুগমন্ত্রী আইত, তাইলে বাসস্ট্যান্ড দিয়া ভালোভাবে চলবার পারতাম। নিঃশ্বাস নিতেও কষ্ট অইত না।’ গতকাল বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্ন ও হকারমুক্ত পরিবেশ দেখে এমন মন্তব্য করেন সুভাষ সূত্রধর নামের এক পথচারী। সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন বনপুকুর এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রী সুভাষ বলেন, দীর্ঘদিন ধরেই ঢাকা-আরিচা মহাসড়কসহ সংলগ্ন ফুটপাত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে। এসব হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীর ফেলে রাখা আবর্জনার দুর্গন্ধ থাকে পুরো বাসস্ট্যান্ড এলাকায়। কিন্তু গতকাল সকালে ফুটপাত ও মহাসড়ক ছিল হকারমুক্ত। ছিল না কোনো আবর্জনা। এমনটিই প্রতিদিন প্রত্যাশা করেন সুভাষ। গতকাল সকালে আবদুল্লাপুর-বাইপাইল ও নবীনগর-কালিয়াকৈর সড়ক পরিদর্শনে আসেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর যাওয়ার কথা ছিল ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে। এ কারণে ভোর থেকেই পুলিশ সাভার বাসস্ট্যান্ড এলাকার হকার উচ্ছেদে তৎপর হয়ে ওঠে। মহাসড়কসহ ফুটপাত থেকে তুলে দেওয়া হয় সব দোকানপাট। আবর্জনা পরিষ্কার করে বালু দিয়ে ঢেকে দেওয়া হয় সড়কের পাশের খানাখন্দ ও কাদা। বাসস্ট্যান্ড এলাকা রাখা হয় যানজট ও দুর্গন্ধমুক্ত। এসব দেখে মনে হয়েছে এ যেন এক অন্য রকম বাসস্ট্যান্ড। প্রতিদিনের চেনা বাসস্ট্যান্ডের ঠিক উল্টো চিত্র। যদিও যোগাযোগমন্ত্রী সড়ক পরিদর্শনে আসেন ঢাকার আবদুল্লাপুর হয়ে। জানা যায়, যোগাযোগমন্ত্রীর আগমন উপলক্ষে গতকাল সকাল থেকে সাভার বাসস্ট্যান্ডের হকার উচ্ছেদসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া হয় ট্রাফিক সার্জেন্ট মো. আবুল হোসেনকে। ট্রাফিক সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় সকাল নয়টার মধ্যে বাসস্ট্যান্ডের চিত্র পাল্টে ফেলেন তিনি।