আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, যোগাযোগমন্ত্রী ধোয়া তুলসী পাতা নন, তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। তবে তাঁর সততার ঘাটতির ব্যাপারে যে মন্তব্য উইকিলিকস ফাঁস করেছে, সে বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে খতিয়ে দেখা হবে। গতকাল রোববার বিকেলে লক্ষ্মীপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, খানাখন্দে ভরা মহাসড়কগুলো আগামী ডিসেম্বরের মধ্যে মেরামত ও সংস্কারের পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি আরও বলেন, দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, সহসভাপতি আবদুল গোফরান, সদর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মহিউদ্দিন, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রায়পুর উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরনবী চৌধুরী প্রমুখ।