যোগাযোগমন্ত্রী যদি আগে আসতেন!
যশোরের কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড় থেকে ত্রিমোহিনী বাজার পর্যন্ত ১২ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরা।যানবাহন চলাচল তো দূরের কথা হেঁটে চলাও কষ্ট। তিন বছর ধরে সংস্কারবিহীন ওই সড়কে লেগেছে উন্নয়নের ছোঁয়া। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মীরা গতকাল বুধবার থেকে সড়কটি মেরামতের কাজ শুরু করেছেন। রাতেও কাজ করা হয়।কারণ একটাই; যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কেশবপুরে আসছেন আগামী শনিবার। ওই সড়ক দিয়েই উপজেলা পরিষদে যাবেন তিনি।কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম জানান, যোগাযোগমন্ত্রী উপজেলা পরিষদের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে কেশবপুর আসছেন।গতকাল সরেজমিনে দেখা গেছে, ত্রিমোহনীতে রাস্তার পাশে ইটের স্তূপ। শ্রমিকেরা ইট ভেঙে গর্ত হওয়া স্থানে ফেলছেন। রোলার দিয়ে ওই ইট সমান করা হচ্ছিল। কাজটি করছে যশোর সওজ। দেখভাল করছেন সওজের কার্যসহকারী (ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট) ফজলুল করিম। তিনি বলেন, আপাতত ইটের খোয়া ফেলে চলাচলের উপযোগী করা হচ্ছে। যোগাযোগমন্ত্রী আসবেন বলে জরুরিভাবে সংস্কারের কথা স্বীকার করেন তিনি।সংস্কারের ব্যাপারে কথা হয় উপজেলার বায়সা গ্রামের ভ্যানচালক লুৎফর রহমানের সঙ্গে। বললেন, ‘এহন ইটির খুয়া ডলতেছে কেন। আগে কনে ছিলে। মন্ত্রী আসপে, অমনি তোমাগের দেহা যেতেছে।’ নছিমনচালক আব্বাস আলী বলেন, ‘জীবনটা হাতের মুঠোয় করে প্রতিদিন ত্রিমোহিনী সড়কে চরি। মন্ত্রীর আশীর্বাদে যদি রাস্তাটা ভালো হয়!’ভাঙাচোরা ১২ কিলোমিটারের মধ্যে শহরের ত্রিমোহিনী মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কটি অনেক গুরুত্বপূর্ণ।ওই সড়কের দুই পাশে ১১টি ক্লিনিক-হাসপাতাল, উপজেলা পরিষদসহ অনেক সরকারি-বেসরকারি কার্যালয় রয়েছে। এই সড়কে চলাচল করতে এলাকাবাসীর দুর্ভোগের সীমা নেই। একটি বেসরকারি ক্লিনিকের অ্যাম্বুলেন্সের চালক আবদুল ওহাব বলেন, ‘এই সড়ক দিয়েই রোগীদের ক্লিনিক বা হাসপাতালে আনতে হয়। মুমূর্ষু রোগীরা এই সড়কে এলে আরও অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থা দীর্ঘদিন ধরে চললেও সড়কটি সংস্কার হয়নি। হঠাৎ করে দেখছি সংস্কারকাজ শুরু হয়েছে। যোগাযোগমন্ত্রী আরও আগে এলে এত দিন দুর্ভোগ পোহাতে হতো না।’দীর্ঘদিন পর সড়কে সংস্কার শুরু হলেও তড়িঘড়ি কাজের সমালোচনা করেছেন বালিয়াডাঙ্গা গ্রামের ভ্যানচালক নারায়ণ দাস।তিনি বলেন, এখন পুটিং দেওয়ার কাজ চলছে। কিন্তু একটু বৃষ্টি হলেই ইট উঠে আগের মতোই হয়ে যাবে।কেশবপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এইচ এম আমির হোসেন বলেন, ‘সারা দেশের উন্নয়ন থেকে কেশবপুর পিছিয়ে। যোগাযোগমন্ত্রী এলে তাঁকে বেহাল সড়ক দেখাব।’নিয়মিত সংস্কারের অংশ!: যোগাযোগমন্ত্রীর আগমন উপলক্ষে সড়কটি মেরামত করা হচ্ছে কি না, জানতে চাইলে যশোর সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, ‘বৃষ্টির মৌসুমে আমরা রাস্তায় খোয়া ফেলে গর্ত সমান করে দিই। নিয়মিত কাজের অংশ হিসেবে এখন সংস্কার করা হচ্ছে।’জিয়াউল হায়দার জানান, কেশবপুর-ত্রিমোহিনী সড়কের ১২ কিলোমিটার রাস্তা নতুন করতে প্রায় চার কোটি টাকার প্রকল্প করে সড়ক ভবনে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই রাস্তাটি নির্মাণ করা হবে।